ঝলসে গেছে গাড়িচালকের শরীর
চট্টগ্রামে অবরোধকারীদের দেওয়া আগুনে ঝলসে গেছে আরও এক গাড়িচালকের শরীর। গত মঙ্গলবার দিবাগত রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অবরোধকারীরা একটি ট্রাকে আগুন দিলে চালকের শরীর পুড়ে যায়।
এদিকে গতকাল বুধবার সকালে নগরের বহদ্দারহাট বাসটার্মিনালের কাছে ঝটিকা মিছিল থেকে শিবিরের কর্মীরা পুলিশের গাড়িতে ককটেলে নিক্ষেপ করেন। পুলিশ ধাওয়া করে তাত্ক্ষণিকভাবে একজনকে আটক করে। গতকাল দুপুরে টার্মিনালের আরেক প্রান্তে ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় শিবিরের আরও দুজন গ্রেপ্তার হন।
ভাটিয়ারির দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া গাড়িচালকের নাম আহসান উল্লাহ (৩০)। আগুনে তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জানান। আহসানের মুখ, পিঠ ও পা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম নগরের বিল্লাপাড়ায় থাকেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ অবস্থায় মঙ্গলবার রাতেই আহসানকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ককটেল বিস্ফোরণ: গতকাল সকালে অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট টার্মিনালের কাছে একটি ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পিকেটাররা কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পুলিশ এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বহদ্দারহাট বাসটার্মিনালের আরেক প্রান্তে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ তাঁদের ধাওয়া দিলে আবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিবিরের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে দুজনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রস্তুতি চলছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘সকালে বহদ্দারহাট এলাকায় জামায়াত -শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দিলে ককটেল নিক্ষেপ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশ। দুপুরে টার্মিনালের আরেক প্রান্ত থেকে ওরা মিছিল বের করে। আবারও ককটেলের বিস্ফোরণ ঘটালে আমরা দুজনকে গ্রেপ্তার করি।’
স্বাভাবিক জীবনযাত্রা: গতকাল নগরে আগের দিনের তুলনায় গণপরিবহনের গাড়ি চলাচল আরও বেড়েছে। গতকাল নগরের বিভিন্ন মোড়ে যানজটের সৃষ্টি হতে দেখা গেছে। ফলে চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। খোলা ছিল বিপণিবিতান। তবে দূরপাল্লার বাস চলাচল করেনি।
বিএনপির সমাবেশ: অবরোধের সমর্থনে বিএনপি গতকাল সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ করেছে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, প্রার্থীবিহীন সিলেকশনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করতে যাচ্ছে। ১৯৭৫ সালে একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগ ধিক্কার অর্জন করেছিল। এবার একদলীয় নির্বাচন করে ধিক্কার পাচ্ছে। নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক পিপি আবদুস সাত্তার, কাজী আকবর প্রমুখ।