
টানা হরতালে আপনি বের হয়েছেন, কাজে যাচ্ছেন কিংবা ফিরছেন ঘরে, আপনি জানেন না কখন আপনার বাহনে আগুন ধরিয়ে দেবে হরতালকারীরা। আর তাতে অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে পারেন যে কেউ। এভাবে অগ্নিদগ্ধের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। গতকাল মঙ্গলবার এই তালিকায় যুক্ত হলেন আরও আটজন। আবারও সেই একই অবিশ্বাস্য নাশকতা।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল একটি মিনিবাসে হরতালকারীদের অগ্নিসংযোগের ঘটনায় ঝলসে গেছে আটজনের শরীর। তাঁদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও একজন প্রতিবন্ধী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৮ দিনে হরতালে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমায় দুজন নিহত এবং আহত হয়েছেন ৭১ জন। তাঁদের মধ্যে তিনজন প্রতিবন্ধী ও ১৩ জন শিশু। বার্ন ইউনিটে চিকিত্সাধীন আছেন ২৪ জন।
বার্ন ইউনিটের নিচতলায় পর্যবেক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা গেল, আটজনের দগ্ধ স্থানগুলোতে দেওয়া হয়েছে ব্যান্ডেজ। সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে শরীর। মুখের দগ্ধ স্থানগুলোতে লাগানো হয়েছে মলম। কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেউ চোখ বন্ধ করে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছেন। বাইরে অপেক্ষমাণ স্বজনদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় তাঁরা। তাঁদের অনেকেই বিমর্ষ হয়ে বসে ছিলেন। অনেকেই বার্ন ইউনিটের দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছিলেন নীরবে। কেউ কেউ জানাচ্ছিলেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটায় যাত্রাবাড়ীর রায়েরবাগে গুলিস্তান-আদমজী রুটে চলাচলকারী কোমল পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসের পেছনের দিকে আগুন দেয় হরতালকারীরা। চলন্ত মিনিবাসটিতে মুহূর্তে দাউ দাউ করে আগুন ধরে যায়। যাত্রীদের মধ্যে নামার জন্য তাড়াহুড়ো লেগে গেলে কেউ দরজা ও কেউ জানালা দিয়ে মিনিবাস থেকে লাফিয়ে পড়েন। তবে শেষরক্ষা হয়নি ওই আটজনের। আগুনে পুড়ে যান তাঁরা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কাউকে আটক করা যায়নি।’
দগ্ধ আটজন হলেন: আবদুল হাই, রাবেয়া সুলতানা, আবদুল মান্নান, তারেক আহমেদ, মো. শুভ, আবু বক্কর সিদ্দিক, আবদুর রহিম ও আবুল কালাম আজাদ। তাঁদের শরীরের সর্বনিম্ন ৮ থেকে ৩৭ ভাগ পুড়ে গেছে। তাঁদের মধ্যে রাবেয়া ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স, তারেক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিবেশ প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষ এবং শুভ উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র। আর মান্নান প্রতিবন্ধী।
হারিয়েছেন ক্রাচও: মিনিবাসের আগুন আবদুল মান্নানের (৩৫) শরীরই শুধু পোড়ায়নি, হারাতে হয়েছে দীর্ঘদিনের পথচলার পাথেয় ক্রাচও। গতকাল বিকেলে বার্ন ইউনিটের বিছানায় শুয়ে ‘মানুষ এমন কেন’ বলে আহাজারি করছিলেন তিনি। চোখ থেকে ঝরে পড়ছে পানি। আর পাশে তাঁর বেডে মাথা ঠুকে কাঁদছিলেন ভাই আবদুল হান্নান।
আবদুল হান্নান জানান, জন্মের কয়েক মাস পর টাইফয়েড জ্বরের কারণে ডান পা অকেজো হয়েছিল মান্নানের। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ের প্রকাশনা বিভাগে চাকরি করেন তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ক্রাচে ভর দিয়ে কার্যালয়ে যাতায়াত করেন। গতকাল গুলিস্তান থেকে ওই মিনিবাসে চড়ে বাসায় ফিরছিলেন। মান্নানের এক সন্তান ও স্ত্রী রয়েছেন। বার্ন ইউনিটের চিকিত্সকেরা সাংবাদিকদের জানান, আবদুল মান্নানের শরীরের ১৯ ভাগ পুড়ে গেছে। তাড়াহুড়োর মধ্যে পড়ে শরীরেও বেশ ধকল লেগেছে তাঁর।
পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজও: দগ্ধ ছাত্রী রাবেয়ার (২৪) ভাই রেফায়েত উল্লাহ সাংবাদিকদের জানান, তাঁর বোন ইডেন কলেজের হোস্টেলে থাকেন। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সেখানে একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে যোগ দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে বাড়ি যাচ্ছিলেন রাবেয়া। ঘটনায় তাঁর একটি ব্যাগ পুড়ে যাওয়ায় ব্যাগে থাকা কিছু কাগজপত্রও ছাই হয়ে গেছে।
রাবেয়া প্রথম আলোকে বলেন, চালকের পাশে মহিলার আসনে বসে ছিলেন তিনি। আগুনের ধোঁয়া ও তাপ পাওয়ার পরপরই দরজা দিয়ে নামতে চেষ্টা করেও পারেননি। অন্যদের তাড়াহুড়োর মধ্যে মিনিবাসেই পড়ে যান। এতে তাঁর ডান হাত ও মুখে আগুন স্পর্শ করে। রাবেয়ার শরীরের ১১ ভাগ পুড়ে গেছে।
সংকটাপন্ন আবুল কালাম আজাদ: আগুনে আবুল কালামের (৩৫) শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে। এই আটজনের মধ্যে তাঁর অবস্থা বেশি সংকটাপন্ন বলে জানালেন বার্ন ইউনিটের চিকিত্সকেরা। এ খবর তখনো পৌঁছেনি বাইরে কান্নারত তাঁর স্ত্রী শিল্পী বেগমের কাছে। বার্ন ইউনিটের একটি বেডে নিথর শুয়ে ছিলেন আবুল কালাম।
জানতে চাইলে শিল্পী প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের কুতুবপুরে তাঁদের বাসা। আবুল কালাম ঠিকাদারির কাজ করেন। ঢাকায় কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। তাঁদের চার সন্তান রয়েছে। শুধু আবুল কালাম নন, এ আগুনে পুড়েছে তাঁর আত্মীয় শিক্ষার্থী শুভ (২৮) ও ঠিকাদার আবু বকর সিদ্দিকী (৩০)। এক দিনের আগুনের ক্ষত ও শরীরের ধকল অন্যদিকে ঘুমের ওষুধ দেওয়ায় কারণে শুভ, আবদুর রহিম ও আবদুল হাই ঘুমাচ্ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
দগ্ধ আবু বকর প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জে শ্বশুরবাড়ির দিক থেকে শুভ ও আবুল কালাম তাঁর আত্মীয়। তিনি ঠিকাদারি করেন। নরসিংদীর কান্দাইলে তাঁর বাসা। সিঙ্গাপুরে যাওয়ার জন্য ঢাকায় একটি রিক্রুটিং এজেন্সিতে পাসপোর্ট জমা দিতে এসেছিলেন তিনি। কাজ শেষে শুভ ও আবুল কালামকে ফোন করে গুলিস্তান এনে এক সঙ্গে ফিরছিলেন। আগুন লাগার পর তিনজনই জানালা দিয়ে ঝাঁপ দেয়।
বার্ন ইউনিটের ভেতরে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তারেক। আর বাইরে কাঁদছিলেন তাঁর মা রীনা বেগম। তারেকের শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে। গুলিস্তান থেকে ওই বাসে চড়ে চিটাগাং রোডে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি।
তারেক প্রথম আলোকে বলেন, ‘মাঝখানের সিটে ছিলাম। হঠাত্ একজন আগুন বইলা ডাক দিল। পায়ে তাপ পাওয়া মাত্রই দরজার দিকে দৌড় দেই। সঙ্গে আরও অন্য যাত্রীরাও দৌড় দেয়। কীভাবে বের হইছি, তা কল্পনাও করতে পারতেছি না।’
শুভর বাবা আবুল হাশেম বলেন, চাকরির কাজে নারায়ণগঞ্জের বাসা থেকে ঢাকায় এসেছিলেন শুভ। কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। তিন সন্তানের মধ্যে শুভ দ্বিতীয়। আবুল হাশেমের সঙ্গে কথা বলার সময় পাশে কাঁদতে কাঁদতে বিলাপ করে চলেছেন শুভর ফুফু শাহিনুর আক্তার। তিনি বলেই চলেছেন, ‘আমাদের কোনো সরকার দরকার নাই। সব সরকারই পুড়াইয়া মারে।’
হরতালে গাড়িতে আগুন ধরিয়ে মানুষ মারার এ প্রবণতা শুরু হয় ২০০৪ সাল থেকে। ওই বছর তত্কালীন বিরোধী দল আওয়ামী লীগের ডাকা হরতালের সময়ে রাজধানীর তত্কালীন হোটেল শেরাটনের (বর্তমান রূপসী বাংলা) সামনে গান পাউডার দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় মারা যায় ১১ জন। সেই ভয়ংকর প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
খুলনায় দুই স্কুলছাত্র আহত: নগরের খানজাহান আলী থানার শেখ আমজাদ হোসেন প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বেলা দুইটার দিকে বিদ্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে তৃতীয় শ্রেণীর ছাত্র আলিফ ও নাজমুল আহত হয়েছে। স্কুলের মাঠে খেলার সময় নারকেলের খোসা দিয়ে ঢাকা একটি বস্তু বিস্ফোরিত হলে তারা আহত হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।