পাঠদান কার্যক্রম শুরুর ঘণ্টা বাজার পর তড়িঘড়ি করে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে ঢুকতে শুরু করে। এ সময় বেঞ্চে বসামাত্রই চিৎকার করে ওঠে এক ছাত্রী (১৫)। বেঞ্চে আগে থেকেই কোনো ধরনের দাহ্য পদার্থ লেপ্টে রাখা ছিল। আর তাতে ছাত্রীর পরনের কাপড় ও শরীরের নিচের অংশ ঝলসে গেছে।ঘটনাটি গত বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা উচ্চবিদ্যালয় ও কলেজে ঘটেছে। ওই ছাত্রী দশম শ্রেণীর ভোকেশনাল বিভাগে পড়ে। তার বাড়ি স্থানীয় ভাটেরা ইউনিয়নের মেড়াভূঁই গ্রামে। বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীটির চিকিৎসা চলছে।শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটির পর পর সহপাঠীরা ছাত্রীটিকে দ্রুত উদ্ধার করে তাদের জন্য নির্ধারিত কক্ষে (কমনরুম) নিয়ে ঝলসানো স্থানে প্রচুর পরিমাণে পানি ঢালে। খবর পেয়ে শিক্ষকেরা শ্রেণীকক্ষে ছুটে গিয়ে সব ছাত্রকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। ভাটেরা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘বেঞ্চে কেউ দাহ্য পদার্থ লেপ্টে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’