ঝলসে দেওয়া শরীর নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন স্বপ্না
মাদকাসক্ত স্বামী পেট্রল ঢেলে গৃহবধূ স্বপ্না খাতুনের (২২) শরীর ঝলছে দিয়েছেন। গত রোববার সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা সবুজ পল্লিতে এ ঘটনা ঘটে। বর্তমানে স্বপ্না সাতক্ষীরা সদর হাসপাতালের শয্যায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন। সামর্থ্য না থাকায় ঠিকমতো তাঁর চিকিৎসাও করাতে পারছে না পরিবার।
স্বপ্নার মা কুমিরা সবুজ পল্লির সকিনা খাতুন জানান, ছয় মাস আগে সাতক্ষীরা শহরের গড়েরডাঙ্গার সাইফুল্যাহ সরদারের (২৬) সঙ্গে স্বপ্নার বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর স্বপ্না জানতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। একপর্যায়ে স্বামী তাঁর ওপর মাদকের টাকার জন্য নির্যাতন শুরু করেন। একসময় স্বপ্না কানের দুল ও গলার হার বিক্রি করে স্বামীকে টাকা দেন। তার পরও নির্যাতন না কমলে তিনি ১০ হাজার টাকা দেন স্বামীকে। রোববার সকালে স্বপ্নার কাছে মাদক কেনার টাকা চান সাইফুল্যাহ। অপারগতা প্রকাশ করলে তাঁদের ঘরের মধ্যে স্বপ্নাকে জোরপূর্বক ধরে নিয়ে যান সাইফুল্যাহ। পরে তাঁর শরীরে পেট্রল ঠেলে আগুন ধরিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে দেন। স্বপ্নার চিৎকারে প্রতিবেশীরা ঘরের বেড়া ভেঙে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সকিনা সাইফুল্যাহকে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা করেছেন।
সকিনা আরও জানান, উন্নত চিকিৎসার জন্য স্বপ্নাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু অর্থের অভাবে নেওয়া যাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, তিন নম্বর ওয়ার্ডের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন স্বপ্না খাতুন। মুখসহ শরীরের অনেক অংশ পুড়ে গেছে তাঁর।
সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট হাসানুজ্জামান জানান, স্বপ্নার শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসা চলছে। তবে এ ধরনের রোগীর অবস্থা হঠাৎ করেই অবনতি হয়। তাই স্বপ্নাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে চিকিৎসা করাতে পারলে ভালো হতো। কিন্তু রোগীদের সঙ্গতি না থাকায় তা সম্ভব হচ্ছে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, ঘটনার পর থেকে সাইফুল্যাহ পলাতক।