ঝাঁকিতে অসুস্থ যাত্রী-চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আমিরাবাদ-কচুয়া আঞ্চলিক সড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে বাড়িপাড়া পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। বিভিন্ন স্থানে পিচ, পাথর ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। ভাঙাচোরা সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, বিকল হচ্ছে যানবাহন। দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।

বিকল্প সড়ক না থাকায় কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনার একাংশ এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মানুষকে এই সড়ক দিয়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে হয়। এই সড়ক দিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানে করে চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ, ফরিদগঞ্জসহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করা হয়। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট শুরু হলে নোয়াখালী অঞ্চল ও চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বাসগুলো এ সড়ক দিয়েই চলে।

সরেজমিনে সম্প্রতি দেখা যায়, আমিরাবাদ, হরিপুর, ইটাখোলা সেতু থেকে মহানন্দ সেতু, মহানন্দ বাজার থেকে শায়েস্তানগর সেতু, দোঘর, মলয়, মোহাম্মদপুর, মোস্তাকের মোড়, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নতুন বাজার, পিপইয়াকান্দি মোড় থেকে নারিকেলতলা, মালাখালা বাজার থেকে বাড়িপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত ছোট-বড় অসংখ্য গর্ত। বিশেষ করে আমিরাবাদ সেতুর দক্ষিণ অংশ, শ্রীচাইল, মোহাম্মদপুর, পিপইয়াকান্দি ও নারিকেলতলা এলাকায় সড়কটির পিচ উঠে ইট, খোয়া পর্যন্ত নেই। পিপইয়াকান্দি মাদ্রাসার উত্তর পাশের সড়কের পাথর, ইট সরে গিয়ে নালার মতো হয়ে গেছে। বৃষ্টি হলে পিপইয়াকান্দি মাদ্রাসার সামনের অংশে প্রায় দুই ফুট পানি জমে যায়।

ঢাকা থেকে কচুয়া সদরে চলাচলকারী সুরমা পরিবহনের বাসের চালক বাবুল হোসেন বলেন, এ সড়কের ১০ কিলোমিটার অংশে গর্তে আটকে কয়েক দিন পরপর গাড়ির চাকার স্প্রিং ভেঙে এবং চাকা ফেটে যায়। সাবধানে গাড়ি চালাতে গিয়ে এক ঘণ্টার পথ পার হতে দুঘণ্টা লেগে যায়। গর্তের কারণে ঝাঁকিতে শরীর পর্যন্ত খারাপ হয়ে যায়।

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী চিড়াবোঝাই মেসার্স হারুন ট্রেডার্সের কাভার্ড ভ্যানের চালক জাহাঙ্গীর আলম বলেন, কুমিল্লা বিশ্বরোড হয়ে হাজীগঞ্জ যেতে সময় ও তেল বেশি লাগে। কিন্তু এ সড়কে দূরত্ব কম হয়। যানজটের ঝামেলাও থাকে না। কিন্তু সড়কের ১০ কিলোমিটার অংশ ভাঙা থাকায় এ পথেও সময় ও তেল বেশি লাগছে।

সিএনজিচালিত অটোরিকশার চালক মালাখালা গ্রামের মাছুম মিয়া, বায়নগর গ্রামের রেজাউল করিম বলেন, সড়কে গর্তের কারণে চাকার এক্সেলসহ বিভিন্ন যন্ত্রাংশ প্রায়ই ভেঙে যায়।

পিপইয়াকান্দি বাজারের ব্যবসায়ী সাইদুল আলম ও আবু তাহের বলেন, ভাঙা সড়ক দিয়ে দোকানের মাল আনতে দ্বিগুণ খরচ হয়। যানবাহনের চালকেরা ভাঙা রাস্তার কারণে টাকা বেশি না হলে আসতে চান না।

জাতীয় পার্টি দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল হক নাইম, দাউদকান্দির শায়েস্তানগর গ্রামের গৃহবধূ নার্গিস আক্তার ও চান্দিনার ডুমুরিয়া গ্রামের মঞ্জু চক্রবর্তী বলেন, এ সড়ক দিয়ে একবার আসা-যাওয়া করলে দ্বিতীয়বার আর যেতে মন চায় না। রোগীদের অবস্থা হয় আরও করুণ।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা জেলা কার্যালয় কর্মকর্তাদের সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে সড়কটির স্থায়ী সংস্কার হয়নি। তবে যানবাহন চলাচলের উপযোগী রাখতে নিয়মিতভাবে অস্থায়ী সংস্কার করা হয় সড়কটিতে।

সওজ বিভাগের কুমিল্লা উপবিভাগীয় প্রকৌশলী হালিমুর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। শিগগিরই সড়কটির স্থায়ী সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।