ঝাঁকুনি খেতে খেতে পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দের। ছবিটি গতকাল নগরের মোহরা এলাকা থেকে ​তুলেছেন জুয়েল শীল
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দের। ছবিটি গতকাল নগরের মোহরা এলাকা থেকে ​তুলেছেন জুয়েল শীল

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দের। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্র জানায়, ২৪ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট কালভার্ট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কের সম্প্রসারণ, উঁচু করা ও পিচ ঢালাইয়ের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান এয়াকুব অ্যান্ড ব্রাদার্স। ১৫ থেকে ১৬ মাস আগে প্রকল্পের কাজ শেষ হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে এবং পাথর ও ইটের খোয়া বেরিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ঝাঁকুনি খেয়ে গাড়ি চলছে।
গাড়ির চালকেরা বলেন, সড়কে অসংখ্য গর্ত তৈরি হওয়ায় ওই ছয় কিলোমিটার পথ পার হতে আধা ঘণ্টার মতো সময় লেগে যায়।
নগরের মোহরা ওয়ার্ডের বাসিন্দা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, গত বছর বহদ্দারহাট-কালুরঘাট সেতু সড়কের উন্নয়নকাজ হয়েছে। কিন্তু বৃষ্টির পরই রাস্তার পিচ উঠতে শুরু করে। রাস্তা থেকে পাথর ও ইটের খোয়া বেরিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

ট্রাকচালক আবদুর রশিদ বলেন, রাস্তা কার্পেটিং করার দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে গেছে।

চউক সূত্র জানায়, হালদা ও কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে সড়কের বিভিন্ন জায়গা তলিয়ে যেত। এ কারণে কিছু এলাকায় সড়কটি উঁচু করা হয়। তাতেও জোয়ারের পানি থেকে রক্ষা পায়নি সড়কটি। প্রবল বৃষ্টিতে মাঝেমধ্যে সড়কের বিভিন্ন এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।

প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বছর দেড়েক আগে প্রকল্পের কাজ শেষ হয়েছে। এবার বৃষ্টি বেশি হওয়ায় এবং জোয়ারের পানি ওঠায় রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। তিনি জানান, এখনো সিটি করপোরেশনের কাছে সড়কটি হস্তান্তর করা হয়নি।

নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান আবার রাস্তাটি সংস্কার করে দেবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান এয়াকুব অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. এয়াকুব আলী বলেন, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কমপক্ষে দুই ফুট উঁচু করলে সড়কটিকে জোয়ারের পানি থেকে রক্ষা করা যাবে। তখন এভাবে সড়কের আর ক্ষতি হবে না।