
বাজারে ইলিশের দাম কমে যাওয়ায় অখুশি জেলেরা। তবে খুশি ক্রেতারা। জেলেরা বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইলিশের দাম কমিয়ে দিয়েছেন। এ কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গতকাল সোমবার সকালে কক্সবাজার শহরের পাইকারি মাছের প্রধান বাজার বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারি ঘাটে গিয়ে দেখা গেছে, গভীর সমুদ্র থেকে ইলিশধরে ঘাটে ফিরেছে ৩০টির বেশি ট্রলার। জেলেরা ইলিশ স্তূপ করে রাখছেন। ব্যবসায়ীরা ব্যস্ত সেই ইলিশ ট্রাক বোঝাই করতে। এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারে ছিল ৪ হাজার ইলিশ। বিক্রি হয়েছে ৬ লাখ ৪০ হাজার টাকায়। প্রতিটি ইলিশের ওজন গড়ে ৬০০ থেকে ৭০০ গ্রাম।
ট্রলারের মালিক শামসুল আলী (৪৫) বলেন, খুচরা বাজারে ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। অথচ পাইকারি বাজারে অর্ধেকেরও কম দামে এই ইলিশ বিক্রি করতে হচ্ছে।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, প্রচুর ইলিশ ধরা পড়ায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ইলিশের দাম কমে গেছে। চার মাস আগেও ৭৫০ গ্রাম ওজনের ইলিশ পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৩৬০ টাকা দরে। এই ইলিশ শহরের বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হয়েছে হাজার টাকায়। সিন্ডিকেট করে ইলিশের দাম কমানোর অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।
শহরের নতুন বাহারছড়া এলাকার ট্রলার মালিক ওসমান গনি বলেন, তিনি ৫ হাজার ইলিশ বিক্রি করেছেন প্রায় ৮ লাখ টাকায়। তিনি বলেন, ২১ জন জেলে নিয়ে ট্রলারটি সাগরে সাত দিন ভেসে ছিল। জ্বালানিসহ জেলেদের খাবারের পেছনে খরচ গেছে আড়াই লাখ টাকার মতো। মাছ বিক্রির অবশিষ্ট টাকায় দেনা শোধ করা যাবে না।
মহেশখালীর একটি ট্রলারের জেলে কেরামত আলী (৪৫) বলেন, চার মাস আগে তিনি ৭০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ বিক্রি করেছেন ৩৫০ টাকা দরে। এখন বেশি ইলিশ ধরা পড়ায় দাম কমে গেছে। এখন ৫০০ থেকে ৭৫০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। অথচ বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৯০০ টাকায়।
ফিশারি ঘাটের মৎস্য ব্যবসায়ী জানে আলম (৩৭) বলেন, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাজার কমে গেছে। আরেক মৎস্য ব্যবসায়ী শফিউল আলম ওরফে বাঁশি সওদাগর গতকাল ঢাকায় সাত ট্রাক ইলিশ পাঠিয়েছেন। প্রতি ট্রাকে ৫০ থেকে ৬০ মণ ইলিশ ছিল। মো. সুমন নামের আরেক ব্যবসায়ী চট্টগ্রামে চার ট্রাক ইলিশ পাঠিয়েছেন।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, উপকূলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও জেলেরা খুশি হতে পারছেন না। কারণ দাম কম।
জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, গত বছর জেলায় নিবন্ধিত ৪ হাজার ৭০০টি ট্রলার বঙ্গোপসাগর থেকে মৎস্য আহরণ করেছিল ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ইলিশ ছিল প্রায় ৩ হাজার ৮০ মেট্রিক টন। এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার মেট্রিক টন।