ঝাঁকে ঝাঁকে মারা পড়ছে জাটকা
বিষখালী, পায়রা, বলেশ্বরসহ উপকূলীয় এলাকার নদ-নদী এবং বঙ্গোপসাগরে প্রতিনিয়ত নিষিদ্ধ জালে ঝাঁকে ঝাঁকে মারা পড়ছে জাটকা ইলিশ। ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির ছোট ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকলেও তা মানছেন না অসাধু জেলেরা।
এ ঘটনায় স্থানীয় জেলে ও ট্রলার মালিক সমিতির সদস্যরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া পাথরঘাটা উপজেলা ও বরগুনা জেলা প্রশাসনের দ্বারে দ্বারে প্রতিকার চেয়েও তাঁরা কোনো সুফল পাচ্ছেন না।
জানতে চাইলে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক বলেন, গত ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞার সময় প্রতিনিয়ত অভিযান চলবে। তবে জনবল ও অবকাঠামো সংকটে অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতাদের দাবি, বাঁধা জাল, খুটা জাল, নেট জাল, চরগড়া জাল, কারেন্ট জাল, জিরো সুতার জাল, গোপ জাল, টোন জাল, চাপলি জাল দিয়ে অসাধু জেলেরা জাটকা শিকার করছেন। এতে বিষখালী, পায়রা, বলেশ্বর নদসহ উপকূলীয় এলাকার নদ-নদী ও সাগরে প্রতিনিয়ত ঝাঁকে ঝাঁকে জাটকা মারা পড়ছে।
তবে পরিচয় গোপন রাখার শর্তে বেশ কয়েকজন জেলে বলেন, ওই জালগুলোতে যেমন জাটকা মারা পড়ছে, তেমনি চিংড়ি জালে কয়েক গুণ বেশি জাটকাসহ বিভিন্ন মাছের পোনা মারা পড়ছে। তাই এ চিংড়ি জালের ব্যাপারেও সমিতির নেতা ও প্রশাসনের কঠোর হওয়া উচিত।
নিষিদ্ধ জালে ঝাঁকে ঝাঁকে জাটকা মারার প্রতিবাদে সম্প্রতি পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করেন জেলে ও ট্রলার মালিকেরা। একই সঙ্গে শহরে বিক্ষোভ মিছিল শেষে পাথরঘাটার ইউএনওর মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. মাসুম আকন, আবুল হোসেন ফরাজী, ফয়েজ আহম্মেদ প্রমুখ।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার বন্ধ রেখে মা ইলিশ সংরক্ষণে জেলে ও ট্রলার মালিকেরা নিষেধাজ্ঞা মেনে চলেছেন। এতে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে। কিন্তু বর্তমানে ইলিশের পোনা বা জাটকা নিষিদ্ধ জালে ঝাঁকে ঝাঁকে মারা পড়ছে।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. ইস্কান্দার আলী খান বলেন, এ ঘাট থেকে জাটকাসহ একটি ট্রলার আটকের পর আড়তদার সমিতিকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ঘাটে জাটকা বিক্রির ওপর নজর রাখা হচ্ছে।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বলেন, ‘জাটকা ধরা বন্ধে আমরা নিয়মিত নদী ও সাগরে অভিযান চালিয়ে যাচ্ছি। তা ছাড়া নিষিদ্ধ কোনো জালে মাছ শিকার করতে দেওয়া হবে না।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, একটি পক্ষ জাটকা ধরা বন্ধে শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধন করেছে, আরেকটি পক্ষ জাটকা ধরার দাবিতে হাড়িটানায় মিছিল করেছে। এরপরও জাটকা ধরা বন্ধে প্রশাসন কঠোর থাকবে।