চট্টগ্রামে পাইকারি বাজারে গোলমরিচ আর ধনিয়া ছাড়া বাকি মসলার দাম স্থিতিশীল। আদা-রসুনের দাম গত ১৫ দিনে তেমন বাড়েনি। তবে নতুন পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। পাইকারি বাজারে দাম এক রকম থাকলেও খুচরার ক্ষেত্রে বাজারভেদে দামে হেরফের হচ্ছে।
খাতুনগঞ্জের মসলা ব্যবসায়ীরা বলেন, সামনে পবিত্র ঈদুল আজহা। তাই গরমমসলার চাহিদা বাড়লেও গত রমজান মাসের তুলনায় বেশির ভাগ মসলার দাম কমেছে। তবে গোলমরিচ ও ধনিয়ার দাম বেড়েছে। গত মাসেও যেখানে পাইকারি বাজারে গোলমরিচের দাম ৮০০ টাকার নিচে ছিল, এখন তার দাম কেজিতে বেড়েছে ৩০০ টাকা। আর ধনিয়াও কেজিতে ১০০ টাকা বেড়েছে। গত মাসে যা কেজিপ্রতি ৭০-৮০ টাকায় বিক্রি হয়।
বাংলাদেশ গরমমসলা ব্যবসায়ী সমিতির সহসভাপতি অমর কান্তি দাশ প্রথম আলোকে বলেন, ‘এ বছর গোলমরিচের আমদানি কম ছিল। আর ধনিয়ার একটা বড় অংশ রপ্তানি হয়ে গেছে। সে কারণে এ দুটো মসলার দাম একটু বেশি। বাকি সবগুলো স্থির আছে। কোনো সংকট নেই।’
খুচরা বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন খুচরা বাজারভেদে দামে হেরফের হচ্ছে।
গত সোমবার খাতুনগঞ্জ পাইকারি বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হয়েছে এক হাজার ২২০ টাকা, ভিয়েতনামের কালো গোলমরিচ এক হাজার ৮০, সাদা গোলমরিচ এক হাজার ২০০, সিরিয়ান জিরা ৩৫০, ভারতীয় জিরা ২৫০, ধনিয়া ১৮০, এলাচ ৯৮০, জায়ফল ৭২০, জয়ত্রী এক হাজার ৫২০, পোস্তদানা ৮০০, রসুন ৭৫, আদা ১৫০, পেঁয়াজ ভারতীয় (নতুন) ৪০ ও ভারতীয় (পুরোনো) ৩৫ টাকা, হলুদ ১০০, দেশি মরিচ ১৪০।
সোমবার খুচরা বাজারভেদে প্রতি কেজি ভিয়েতনামের কালো গোলমরিচ বিক্রি হয়েছে এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০, সাদা গোলমরিচ এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০, সিরিয়ান জিরা ৪০০, ভারতীয় জিরা ৩০০, লবঙ্গ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫৫০, পেঁয়াজ ভারতীয় (নতুন) ৪৫ ও ভারতীয় (পুরোনো) ৩৮-৪০ টাকা, ধনিয়া ২২০, এলাচ এক হাজার ৫০ থেকে এক হাজার ২০০, জায়ফল এক হাজার, জয়ত্রী এক হাজার ৮০০, পোস্তদানা এক হাজার থেকে এক হাজার ১০০, রসুন ৮৫, আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি বাজার থেকে খুচরা বাজারের দামের পার্থক্য বেশি—এটি মানতে রাজি নন খুচরা বিক্রেতারা। ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজারের একটি দোকানের বিক্রেতা নজরুল ইসলাম বলেন, ‘গত ১৫ দিন আগেও মসলার দাম বেশি ছিল। কিন্তু এর পর থেকে আর দাম বাড়েনি। দু-একটা মসলা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। কারণ, আমাদের ওই সব পণ্য বাড়তি দামে কিনতে হয়েছে।’