ঝাঁজালো অভিযোগের জবাবে ঐক্যের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত হোসেন পরাজিত হওয়ার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ কোনোভাবেই দায়ী নন। শওকত হোসেন পরাজিত হওয়ার পর দলের অভিভাবক সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর এই বক্তব্যে দলের ভেতর বিভেদ বাড়াবে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল জেলার ১০ উপজেলার আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন। তাঁরা শওকতের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দলীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

এর আগে ১৮ জুন বিকেলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শওকত হোসেন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আমাকে হারানো হয়েছে। পরাজয়ের মূল কারণ দলের জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও তাঁর অনুসারীরা। তাঁর অনুসারীরা বিএনপির পক্ষে আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করেছেন। ভোটের আগে তাঁরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিয়েছেন। ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে দাঁড়িয়ে থেকে টেলিভিশনের বিপক্ষে কাজ করেছেন।’ বক্তৃতার একপর্যায়ে কেঁদে ফেলেন শওকত। এ সময় আবুল হাসানাতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি এসে কর্মীদের কান্না দেখে যান। আপনি আমাকে হারাননি, বঙ্গবন্ধুর কফিনে আঘাত করেছেন।’

গতকালের সংবাদ সম্মেলনে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আবুল হাসানাতের নির্দেশে সর্বস্তরের নেতা-কর্মী শওকতের পক্ষে ঝাঁপিয়ে পড়েন। এ ছাড়া আবুল হাসানাত নিজে উপস্থিত হয়ে শওকতের পক্ষে প্রচারণায় অংশ নেন। তার পরও অন্যান্য সিটি করপোরেশনের মতো বরিশালেও তাঁদের মেয়র প্রার্থী পরাজিত হন। পরাজিত হয়ে শওকত তাঁর পরাজয়ের সব দায়ভার তুলে দিচ্ছেন আবুল হাসানাতের কাঁধে। এটা সম্পূর্ণভাবে অসত্য ও বানোয়াট। হাসানাত কখনো শওকতের বিপক্ষে ছিলেন না এবং নির্বাচনে তাঁর বিরোধিতা করেননি।

মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকতের দেওয়া বক্তব্যকে বিএনপি-জামায়াত-শিবিরের ষড়যন্ত্র উল্লেখ করে আওয়ামী লীগের নেতারা বলেন, শওকত পরাজিত হওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তাঁর অশালীন ওই বক্তব্যে দলের অভ্যন্তরে বিভেদ বাড়বে। আমরা মনে করি, শওকত হোসেনও আমাদের নেতা। রাজনীতি এক দিনে শেষ হয়ে যায় না। তাই শওকতের প্রতি আহ্বান, তিনি যেন আওয়ামী লীগের ঐক্য বিনষ্ট না করেন। একই সঙ্গে অশোভন ও অশালীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। সংবাদ সম্মেলনে জেলা ও মহানগরের কোনো নেতা না থাকলেও সব উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।