ঝাঁজালো গন্ধ ও কালো ধোঁয়ায় মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরতলির এক কিলোমিটারের মধ্যে একটি সিগারেট কারখানাসহ চারটি কারখানা রয়েছে। এসব কারখানা থেকে নিঃসৃত ঝাঁজালো গন্ধ ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লিখিতভাবে জানানো হয়েছে। এমন অভিযোগের পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ প্রথম আলোকে বলেন, তামাকপাতার নিকোটিন ও কালো ধোঁয়ায় ফুসফুসের প্রদাহ দেখা দেয়। এসব এলাকায় কেউ থাকলে দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট হবে, যা ক্যানসারেও রূপ নিতে পারে।সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে কুমারগাড়া এলাকায় জিকে সেচ প্রকল্পের নালার সঙ্গে লাগানো ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) একটি সিগারেট কারখানা। কারখানার ছোট চিমনিতে ধোঁয়া বের হচ্ছে। সিগারেট কারখানার আধা কিলোমিটার দূরে কিয়াম মেটালের কারখানা। মহাসড়কঘেঁষা কারখানাটি থেকে দুটি চিমনি দিয়ে অনরবত কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় সড়কে চলাচলকারী মানুষ ও সড়কের পাশে বসবাসকারী লোকজনদের চলতে কষ্ট হয়। এর ঠিক পরেই বিআরবি কেব্লস কারখানার সহযোগী প্রতিষ্ঠান এমআরএস ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এমআরএস কারখানায় কাঠের বোর্ড তৈরি করা হয়। আর বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস তেল ব্যবহার করা হয়। এ দুটি কারখানার পাঁচটি চিমনি দিয়ে ঝাঁজালো ধোঁয়া বের হয়। কারখানা দুটি সরকারি সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ঘেঁষে গড়ে উঠেছে।সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক নাজনীন নাহার ৪ জুন লিখিত এক অভিযোগে জানান, বিআরবি কেব্লস কারখানার সহযোগী প্রতিষ্ঠানগুলো পুনর্বাসন কেন্দ্র ঘেঁষে হওয়ায় কারখানার রাসায়নিকের ঝাঁজালো গন্ধে চোখে পানি আসে। এখানে থাকা মেয়েরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কয়েক দিন আগে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এমআরএস কারখানার মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা কারখানা দেখে গেছেন। রাসায়নিক ব্যবহারের একটি গুদাম থেকে ঝাঁজালো গন্ধ বের হয়। এমডি দেশের বাইরে আছেন। তিনি দেশে এলে গুদামটি দূরে সরানোর ব্যবস্থা নেওয়া হবে।’কিয়াম মেটাল কারখানার মহাব্যবস্থাপক আশরাফুল আলম বলেন, সরকারি নীতিমালা অনুসারে ৬৫ ফুট উচ্চতার চিমনি বসানো হয়েছে। এতে অসুবিধা হওয়ার কথা নয়। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, সামাজিক প্রতিবন্ধীদের অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে।