যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা বাঁওড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকজন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন।
বেলা ১১টার দিকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি। আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ঝাঁপা বাঁওড় এলাকার জেলে সম্প্রদায়ের শতাধিক ব্যক্তি অংশ নেন। তাঁরা ‘ঝাঁপা বাঁওড় পাবে কারা, প্রকৃত মৎস্যজীবীরা’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমিতির সহসভাপতি সুবোধ বৈদ্য বলেন, ঝাঁপা বাঁওড় এলাকার কার্ডধারী ১১২ জন মৎস্যজীবী নিয়ে তাঁদের সোনার বাংলা সমবায় সমিতি গঠিত। জন্ম থেকে তাঁরা ওই বাঁওড়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। অথচ কয়েক বছর ধরে ‘ঝাঁপা বাঁওড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি পক্ষ জোর করে বাঁওড়টির ইজারা নিচ্ছে। কথিত ওই সমিতিতে প্রকৃত মৎস্যজীবীর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তাঁদের কারণে স্থানীয় প্রকৃত মৎস্যজীবীদের বড় অংশ বাঁওড়ের সুফল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
এ বছর ঝাঁপা বাঁওড়ের ইজারা পেতে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। ইজারা পাওয়ার জন্য সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি এবারও দরপত্র জমা দিয়েছে।
স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭৯ জন মৎস্যজীবী নিয়ে ‘ঝাঁপা বাঁওড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’ গঠন করে ঝাঁপা বাঁওড়টি বরাদ্দ নিয়ে মাছ চাষ করে আসছিলেন মৎস্যজীবীরা। কিন্তু এ সমিতির শীর্ষ নেতারা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এতে করে স্থানীয় প্রকৃত মৎসজীবীরা বাঁওড় থেকে কোনো সুবিধা পাচ্ছিলেন না। এ কারণে মাস খানেক আগে সমিতি থেকে ১২৩ জন সদস্য বেরিয়ে এসে ‘সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি’ গঠন করেন।
জানতে চাইলে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ রেজায়ে রাব্বি গতকাল সন্ধ্যায় মুঠোফোন প্রথম আলোকে বলেন, এবার জমা পড়া দরপত্রগুলো জেলা জলমহাল কমিটিতে পাঠানো হয়েছে। সেখানে যাচাই–বাছাই করে প্রকৃত মৎসজীবীদেরই ইজারা দেওয়া হবে।