ঝাউগাছের গোড়া থেকে সরে যাচ্ছে বালু
চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্রসৈকতের ঝাউগাছের গোড়া থেকে বালু সরে যাচ্ছে। এতে গাছগুলো উপড়ে পড়ার ঝুঁকিতে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জোয়ারের ধাক্কা ও সৈকত এলাকা থেকে বালু তোলার কারণে এমনটি হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, দু-তিন বছর ধরে পারকী সৈকতের ঝাউগাছের গোড়া থেকে বালু সরে যাচ্ছে। বালু সরে একসময় গাছ কাত হয়ে গেলে চোরেরা তা কেটে নিয়ে যায়।
পারকী ও আশপাশের এলাকার প্রায় ৮০ হেক্টর জায়গায় ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে এসব ঝাউগাছ লাগানো হয়।
সরেজমিনে দেখা যায়, সৈকতের অনেক গাছের গোড়া থেকে দুই-তিন ফুট পর্যন্ত বালু সরে গিয়ে শিকড় বেরিয়ে পড়েছে। আর কাত হয়ে পড়ায় কিছু গাছ কেটে ফেলা হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, গোড়া থেকে বালু সরে যাওয়ায় গত কয়েক বছরে সৈকতের পাঁচ শতাধিক গাছ কেটে ফেলতে হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর ধরে পারকী সৈকতের বিভিন্ন স্থান থেকে বালু তুলে বিক্রি করার কারণে সৈকতের বালুর স্তর নিচে নেমে গেছে। পাশাপাশি প্রবল জোয়ারের কারণেও সরে যাচ্ছে গাছের গোড়ার মাটি।
উপকূলীয় বন বিভাগের বন্দর বিট কর্মকর্তা সাধন চন্দ্র বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।