ঝামেলা এড়াতে অভিযোগ করেনি পরিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর বহুবিবাহ ও অন্য নারীর সঙ্গে সম্পর্ক সহ্য করতে না পেরে দুই মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম। পুলিশ ও পরিবারের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত এ ব্যাপারে থানায় কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়নি। পরিবার বলছে, সবকিছু জেনেও মামলা-মোকদ্দমার ঝামেলা এড়াতেই তাঁরা কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে পুলিশ বলছে, তারা আইনগতভাবেই বিষয়টি নিয়ে এগোচ্ছে। জাহানারার স্বামী মোহাম্মদ ইসলামকে খোঁজা হচ্ছে। গত সোমবার রাজধানীর কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে মা জাহানারা (৩৬) এবং তাঁর স্কুলপড়ুয়া দুই মেয়ে শারমিন আক্তার (৫) ও হাওয়া আক্তারের (১০) অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বামীর বহুবিবাহ ও অন্য নারীর সঙ্গে সম্পর্কের জেরে বিষপানে দুই মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন জাহানারা। ঘটনার পর থেকে স্বামী ইসলাম পলাতক। এ ঘটনায় সোমবার রাতে জাহানারার বাবা মিজান মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, মিজান মিয়া লিখিত আবেদনে সাদামাটাভাবে তাঁর মেয়ে ও দুই নাতনির বিষপানে আত্মহত্যার কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। যোগাযোগ করা হলে মিজান মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সব জানি। সে (ইসলাম) অনেক বিয়া করছে, সম্পর্কও করছে। আমার মাইয়ারে ঘটনার আগের রাইতেও মারছিল। হেইল্লাগাই আমার মাইয়া এ কাণ্ড ঘটাইছে।’ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি কেন—জানতে চাইলে মিজান বলেন, ‘অভিযোগ করলে তো মনে করেন কেইস করন লাগব। অনেক ঝামেলায় পইড়া যামু। তারা তো এমনিতেই মইরা গেছে।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে মা ও দুই মেয়ের লাশ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বানিয়ারচর গ্রামে। সেখানে স্থানীয় কবরস্থানে লাশ তিনটি দাফন করা হবে।