ঝালকাঠি ও লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
ঝালকাঠির কাঁঠালিয়া ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
কাঁঠালিয়া থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে উপজেলার সোনাউঠা গ্রামের শাহেব আলী খানের বাড়িতে ১৪ থেকে ১৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা, পাঁচটি মুঠোফোনসহ অন্যান্য মালামাল লুট করে চলে যাওয়ার সময় ওই বাড়ির লোকজন চিৎকার দেন। এরপর গ্রামবাসী এসে ডাকাত দলকে ধাওয়া করেন। একপর্যায়ে গ্রামবাসী জয়দেব চন্দ্র পাইক (৩০) নামের একজনকে ধরে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই জয়দেব মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
জয়দেবের ছোট ভাই সুদেব পাইক জানিয়েছেন, জয়দেব বরিশাল বিএম কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নের পাশাপাশি প্রাণ-আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে বরিশালে চাকরি করতেন। গত বুধবার বিকেলে ছুটিতে তিনি বাড়িতে আসেন।
গতকাল শুক্রবার বিকেলে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, সকালে জয়দেবের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা গ্রামবাসীকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি মো. কবির আহাম্মদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে ১০-১২ জনের একদল ডাকাত উপজেলার চরকাদিরা ইউনিয়নের ইমান আলী বিপণিবিতান এলাকার কয়েকটি বাড়িতে হানা দেয়। একপর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাত দলকে ধাওয়া করেন। তাঁরা আবুল হোসেন (৫০) নামের একজনকে ধরে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল সকালে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে আবুল হোসেন মারা যান। লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আবুল হোসেন নোয়াখালীর আন্ডারচর এলাকার আবদুল হকের ছেলে।