ঝালকাঠি গোপালগঞ্জ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি, গোপালগঞ্জের কাশিয়ানী ও চুয়াডাঙ্গায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ঝালকাঠি: নির্মাণশ্রমিক কাওছার হোসেন (২৫) গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সাইকেলযোগে বরিশাল যাওয়ার পথে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ নামক স্থানে পেছন থেকে একটি বাস তাঁকে চাপা দেয়। বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কাওছার ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার আবদুস ছত্তারের ছেলে।গোপালগঞ্জ: কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাহীন ফকির (১৯) রামদিয়া সরকারি এস কে কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে গতকাল বেলা পৌনে দুইটার দিকে বাড়ি ফিরছিলেন। পথে কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় মাইক্রোবাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি একই উপজেলার কুসুমদিয়া গ্রামের মহসীন ফকিরের ছেলে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মাইক্রোবাসটি পুড়িয়ে দেয় এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি বাজারে ভুট্টাভর্তি পাওয়ার ট্রলি উল্টে চালক রকি হোসেন (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রকি পার্শ্ববর্তী গোষ্টবিহার গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রকি পাওয়ার ট্রলিভর্তি ভুট্টা নিয়ে গড়াইটুপি বাজার থেকে নিজ গ্রামে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।