ঝালকাঠি জেলা নির্বাচন কার্যালয়ে বোমা হামলা
ঝালকাঠি জেলা নির্বাচন কার্যালয়ে গতকাল শুক্রবার রাত আটটায় বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে কার্যালয়ের জানালার কাচ ভেঙে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করেন কার্যালয়ের দায়িত্বরত আনসার সদস্যরা। আটক মেহেদী হাসান রিয়াদ ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ওই বিদ্যালয় ও জেলা নির্বাচন কার্যালয় পাশাপাশি অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদীকে ছাড়িয়ে নেওয়ার জন্য কয়েক দফা চেষ্টা চালান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন। মেহেদীর বড় ভাই রাকিব জামালের বন্ধু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামাল হোসেন বলেন, মেহেদী এই কাজ করতে পারে না, সে কাছের একটি মাঠে ব্যাটমিন্টন খেলছিল।
ঝালকাঠি সদর থানার ওসি শীলমণি চাকমা জানান, মেহেদী ওই এলাকা থেকে দৌড়ে পালাচ্ছিল, তাই জিজ্ঞসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।