ঝালকাঠি জেলা ১২ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি ও মেহেরপুরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এর মধ্যে ঝালকাঠিতে গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এতে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হয়।

ঝালকাঠিতে বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। ঢাকার রামপুরায় জাতীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে সরাসরি ঝালকাঠির লোডশেডিং নিয়ন্ত্রণ করা হয়। সেখান থেকেই লোডশেডিংয়ের মাধ্যমে ঝালকাঠিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এমনিতেই ঘন ঘন লোডশেডিংয়ে গ্রাহকেরা অতিষ্ঠ। এর মধ্যে শনিবার গভীর রাত থেকে টানা ১২ ঘণ্টা পুরো জেলায় বিদ্যুৎ ছিল না।

ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক সুলতান হোসেন প্রথম আলোকে বলেন, এভাবে কোনো ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তাঁরা সীমাহীন দুর্ভোগ পোহান। ঝালকাঠির ব্যবসায়ী ও এনটিসি ময়দা কারখানার মালিক ফিরোজ মিয়া বলেন, ‘লোডশেডিং চলতে থাকায় আমাদের কারখানার উৎপাদন কমে যাচ্ছে।’

ওজোপাডিকোর ঝালকাঠি কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘ঝালকাঠি-বরিশাল মহাসড়কে প্রতাপ এলাকায় ৩৩ কেভির লাইন শনিবার রাতে ছিঁড়ে যায়। এতে এই বিপর্যয় দেখা দেয়। তা ছাড়া সারা দেশে বিদ্যুৎ ঘাটতি থাকায় লোডশেডিং ঢাকা থেকেই নিয়ন্ত্রণ হচ্ছে। এখানে আমাদের হাত নেই। তবে এ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।’

এদিকে মেহেরপুরের প্রায় প্রতিটি শহর ও গ্রামে এক মাস ধরে অসহনীয় লোডশেডিং চলছে। সদরের বুড়িপোতা গ্রামের রেবেকা বেগম বলেন, দিনের বেলায় বিদ্যৎ কম থাকলেও সমস্যা বেশি হয় না। কিন্তু রাতে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে খুব কষ্ট হয়। সবচেয়ে বেশি কষ্ট হয় শিশুদের।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা গেছে, মেহেরপুরের তিনটি উপজেলায় বিদ্যুতের চাহিদা ৩৮ মেগাওয়াট। কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে ১৫ থেকে ১৬ মেগাওয়াট।

গাংনী উপজেলার চালকল ব্যবসায়ী মমিন শেখ বলেন, চালকল বিদ্যুতের ওপর নির্ভরশীল। এভাবে মাত্রাতিরিক্ত লোডশেডিং চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।

লোডশেডিংয়ের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতালে জেনারেটরটিও বিকল। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সদরের পিরোজপুর গ্রামের মতলব শেখ বারান্দায় শুয়ে কাতরাচ্ছেন। তিনি বলেন, গত রাতে বিদ্যুৎ না থাকায় ফ্যান চলেনি। এ কারণে অসহ্য গরম লেগেছে। তা ছাড়া রাতভর মশা খুব উপদ্রব করেছে। এতে তিনি ঘুমাতে পারেননি।

পল্লী বিদ্যুৎ সমিতির মেহেরপুর কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম বলেন, বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। সে কারণে লোডশেডিং হচ্ছে। শীতকাল না আসা পর্যন্ত তা চলবে।