ঝালকাঠি থেকে পালানো কয়েদি চট্টগ্রামে গ্রেপ্তার
ঝালকাঠি কারাগার থেকে পালানোর ১২ দিন পর মনির হোসেন ওরফে হাসান (৩৫) নামের এক কয়েদিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নগরের পাহাড়তলীর ঝর্ণাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
১৬ জানুয়ারি ঝালকাঠি কারাগার থেকে পালিয়ে যান কয়েদি মনির হোসেন। একটি চুরির মামলায় তিন বছরের সাজা খাটছিলেন তিনি। এ ঘটনায় আবদুর রব নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়।
মনিরের স্ত্রী হেলেনা আক্তার বলেন, ঝালকাঠি কারাগারের পাশে কারারক্ষী আবদুল খালেকের বাসা। স্বামী পালানোর এক মাস আগে ওই বাসায় গিয়ে তিনি প্রথম দফায় ৩০ হাজার, দ্বিতীয় দফায় ২০ হাজার ও তৃতীয় দফায় ২০ হাজার টাকা দেন। পরে খালেক ও রব টাকাগুলো ভাগাভাগি করে নেন।
ঝালকাঠি কারাগারের কারাধ্যক্ষ শফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কয়েদি পালানোর ঘটনায় আবদুর রব নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। জড়িত আর কারও নাম এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, মনিরকে ঝালকাঠি থানায় ফিরিয়ে আনতে সদর থানার উপপরিদর্শক গৌতম কুমারের নেতৃত্বে একটি দলকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।