ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের সাময়িক বরখাস্তের চিঠির কার্যকারিতা স্থগিত করে দেওয়া আদেশের বিরুদ্ধে করা দুটি আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আফজাল হোসেনের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আবেদন দুটি খারিজ হওয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকছে। ফলে আফজাল হোসেনের কাজ চালিয়ে যেতে আইনগত বাধা নেই। হাইকোর্টে দ্রুত রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
আইনজীবী সূত্র জানায়, গত ১ অক্টোবর আফজাল হোসেনকে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৫ অক্টোবর হাইকোর্ট রুল জারির পাশাপাশি ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেন। এর বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্থানীয় কাউন্সিলর রেজাউল করিম দুটি আবেদন (লিভ টু আপিল) করেন। এর ওপর শুনানি শেষে গতকাল আদালত আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, রেজাউলের পক্ষে আইনজীবী শফিক আহমেদ মামলা পরিচালনা করেন। আফজাল হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এম আমীর-উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ূন, এ এম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম ও মনজিল মোরসেদ।