ঝালকাঠি পৌর নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভার ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশনকে পুনঃ তফসিল ঘোষণার নির্দেশ দিয়ে গত রোববার বিকেলে এক রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। তফসিল বাতিল চেয়ে বর্তমান মেয়র আবদুল হালিম গাজী ও মেয়র পদপ্রার্থী মকবুল হোসেনের দুটি রিটের শুনানি শেষে বিচারপতি মিফতাহ্উদ্দিন চৌধুরী ও মো. জাহাঙ্গীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রহমান মুঠোফোনে বলেন, হাইকোর্টের রায় এখনো কমিশনে পৌঁছায়নি। তবে নির্বাচন কমিশনের আইনজীবীর মাধ্যমে তিনি রায়ের কথা শুনেছেন। ২৭ জানুয়ারি নির্বাচন হবে কি হবে না তা রায়ের কপি না দেখে নিশ্চিত বলা যাবে না। রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রায়ের কপি হাতে পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের যেকোনো আদেশ নির্বাচন কমিশন অবশ্যই মেনে চলবে।’ শুনানিতে অংশ নেন বাদীপক্ষের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও তৌফিক ইনাম। নির্বাচন কমিশন ও বিবাদী মনিরুল ইসলামের পক্ষে ছিলেন শাহদীন মালিক ও তানিয়া আমির। রায়ে আদালত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা ও ঝালকাঠি পৌরসভার নির্বাচনী তফসিল অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে ৭ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া আবাসন প্রকল্পের ৬৭২ জন ভোটারকে বাদ দিয়ে নতুন ভোটার তালিকা প্রস্তুত করে পুনঃ তফসিল ঘোষণার নির্দেশ দেন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, বরিশাল বিভাগের উপনির্বাচন কমিশনার, ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তার প্রতি এ আদেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী তৌফিক ইনাম বলেন, এ রায়ের ফলে ২৭ জানুয়ারি ঝালকাঠি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই।রিট মামলায় অভিযোগ করা হয়, ঝালকাঠি পৌরসভার পার্শ্ববর্তী পেনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি মৌজায় স্থাপিত আবাসন প্রকল্প ১ ও ২-এর ৬৭২ জন ভোটারকে নির্বাচন কমিশন অবৈধভাবে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। রায়ের খবর ঝালকাঠিতে পৌঁছালে রোববার সন্ধ্যার পর থেকেই বন্ধ হয়ে গেছে বেশির ভাগ প্রার্থীর প্রচার মাইক। তবে রিটার্নিং কর্মকর্তা কোনো আদেশ জারি না করায় প্রার্থীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। গতকাল সোমবারও ভোট গ্রহণের জন্য প্রার্থীদের এজেন্ট নিয়োগের কার্যক্রম চালাতে দেখা গেছে।