ঝালকাঠি পৌর মেয়রের মুক্তির দাবি স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী ফরিদা ইয়াসমিন। আফজাল হোসেন বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেলা কারাগারে আছেন।

গতকাল সোমবার দুপুর ১২টায় শহরের আড়তদারপট্টি এলাকায় অবস্থিত মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে মেয়রের স্ত্রী স্বামীর মুক্তির জন্য প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনে পরাজিত একটি পক্ষ মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা করে মেয়রের পদটি দখলের চেষ্টা করছে। এখন তাঁর পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।’

শহরের পালবাড়ি এলাকার ব্যবসায়ী কবির হোসেনের দায়ের করা চাঁদাবাজির একটি মামলায় ২ মার্চ ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত মেয়রকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ১০ মার্চ ওই মামলায় জেলা দায়রা জজ আদালত মেয়রের জামিন মঞ্জুর করেন। পৌর কাউন্সিলর হুমায়ুন কবিরের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওই দিনই মেয়রকে গ্রেপ্তার দেখানো হয়। ২২ মার্চ এ মামলায় জামিনের শুনানি হবে।