ঝালকাঠি পৌর মেয়রসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিন নিয়ে অভিযোগ গঠনের সময় আদালতে অনুপস্থিত থাকায় ঝালকাঠি পৌর মেয়র আবদুল হালিম গাজীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঝালকাঠির বিশেষ আদালত-১-এর বিচারক ফারুক আহম্মদ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আনোয়ার ও সাংবাদিক আজমীর হোসেন তালুকদার।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার ঝালকাঠি বিশেষ আদালত-১-এ ৭/২০০৪ মামলার অভিযোগ গঠনের জন্য তারিখ ধার্য ছিল। এ মামলায় পৌর মেয়র আবদুল হালিম গাজীসহ ১৫ জন আসামি জামিনে থাকলেও বিগত কয়েকটি ধার্য তারিখে মেয়র আবদুল হালিম গাজীসহ চারজন আদালতে অনুপস্থিত থাকেন। রোববার অভিযোগ গঠনের দিনও তাঁরা অনুপস্থিত থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। একই দিন আদালতে অপর ১১ আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়।ঝালকাঠি পৌর মেয়র আবদুল হালিম গাজী বলেন, এ মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি বলে দাবি করেন তিনি।