ঝালকাঠি পৌর মেয়রসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর করে জোরপূর্বক একজন ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।মেয়র আফজাল ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ৩০ এপ্রিল আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে এই মামলা হয়েছে। এতে আফজালের ভাই শ্রমিক লীগের নেতা আউয়াল হোসেন, ভাইয়ের ছেলে, শ্যালকসহ চারজনকে আসামি করা হয়েছে।তবে পৌর মেয়র আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে করা মামলাটি ষড়যন্ত্রমূলক। দায়িত্ব গ্রহণের পর থেকে একটি মহল মামলা-মোকদ্দমা দিয়ে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা করছে।’এদিকে পুলিশ মামলা গ্রহণ করায় ঝালকাঠি পৌর কর্মচারী ইউনিয়ন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ও উপপরিদর্শক (এসআই) রাসেল কবিরের অপসারণের দাবিতে ৭ মে কর্মবিরতির ঘোষণা দিয়েছে। পুলিশ জানায়, ২৫ এপ্রিল স্থানীয় কোর্ট রোডের ব্যবসায়ী আমিনুল ইসলাম ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নোমানের আদালতে একটি নালিশি অভিযোগ করেন। এতে ব্যবসায়ী আমিনুল দাবি করেন, ২৪ এপ্রিল সকালে তিনি শহরের ডাক্তারপট্টি সড়ক থেকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে এক লাখ ৭৪ হাজার টাকা ছিল। পথে ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন, তাঁর ভাই শ্রমিক লীগের নেতা আউয়াল হোসেন, ভাইয়ের ছেলে ছাত্রলীগের নেতা সাজ্জাদুল আলম ও শ্যালক সেলিম খান ধারালো অস্ত্র হাতে তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে মারধর করে জোরপূর্বক তাঁর সঙ্গে থাকা ব্যাগভর্তি এক লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেন।পরে আদালত ব্যবসায়ীর অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে ঝালকাঠি থানার পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ৩০ এপ্রিল অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। ব্যবসায়ী আমিনুল বলেন, ‘আসামিরা প্রভাবশালী। তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’