ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির মামলায় কারাগারে আটক থাকায় ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ-সংক্রান্ত আদেশ গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক এবং পৌরসভা কার্যালয়ে ফ্যাক্সে পৌঁছায়।
মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র-১ প্রণব কুমার নাথকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়, ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন ২ মার্চ থেকে জেলহাজতে আছেন। তাই তাঁর দ্বারা মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী। সেই সঙ্গে এটি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয় বলে কর্তৃপক্ষ মনে করছে। সে জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
একই আইনের ৩১(২) ধারার বিধানমতে প্যানেল মেয়র-১ প্রণব কুমারকে আর্থিক দায়িত্বসহ মেয়রের দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়।
শহরের পালবাড়ি এলাকার ব্যবসায়ী কবির হোসেনের করা চাঁদাবাজির একটি মামলায় ২ মার্চ আফজাল হোসেন ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ১০ মার্চ পৌর কাউন্সিলর হুমায়ুন কবিরের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২২ মার্চ জেলা দায়রা জজ আদালতে মেয়রের জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।