ঝালকাঠি বিএনপিতে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে ঝালকাঠি জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কমিটি অনুমোদন হয়নি। এ কারণে জেলা বিএনপিতে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে।সম্মেলনের দুই বছর পরও টি আহম্মেদ নিজেকে এখনো আহ্বায়ক পরিচয় দিয়ে আলাদাভাবে দলীয় কার্যক্রম চালাচ্ছেন। অন্যদিকে, সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটির সভাপতি ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পৃথক অফিসে বসে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন। এ জন্য জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ আগস্ট টি আহম্মেদকে আহ্বায়ক করে ৫৭ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর ছয় মাস পর ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সম্মেলন হয়। এ সম্মেলনে টি আহম্মেদ অনুপস্থিত থাকেন। তাঁর অনুপস্থিতিতে সম্মেলনে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক মো. হানিফ খান। সম্মেলনে কাউন্সিলররা সর্বসম্মতভাবে দুই বছরের জন্য সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনিরুল ইসলামের নাম প্রস্তাব করেন। কেন্দ্রীয় নেতারা তাঁদের নামই সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। এর কিছু দিন পর ১৫১ সদস্যের জেলা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেওয়া হয়। কিন্তু দুই বছরের বেশি সময় পার হলেও কেন্দ্র এখন পর্যন্ত ওই কমিটি অনুমোদন করেনি।জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন খান বলেন, বিএনপির সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে কমিটি অনুমোদন অথবা দ্বিধাবিভক্তি নিরসনে কেন্দ্র কোনো উদ্যোগ না নেওয়ায় ঝালকাঠিতে নতুন করে গ্রুপিং দেখা দিয়েছে। আলাদাভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হচ্ছে। অঙ্গ ও সহযোগী সংগঠনেও বিভক্তি দেখা দিয়েছে। টি আহম্মেদ বলেন, ‘২০০৮ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আমাকে আহ্বায়ক করে ৫৭ সদস্যের কমিটি অনুমোদন দেন। যুগ্ম আহ্বায়ক মো. হানিফ খান ও মনিরুল ইসলাম গুটি কয়েক সদস্য নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা না করে কথিত সম্মেলনের আয়োজন করে, যা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানালে তাঁরা কমিটি অনুমোদন দেননি। তাই আমি নিজেকে এখনো আহ্বায়ক মনে করি।’মনিরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটির ৯০ ভাগ সদস্য ও কাউন্সিলর সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার শাহজাহান ওমরকে সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। আমরা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছি। কেন্দ্র থেকে সেই কমিটির পদ-পদবি অনুযায়ী আমাদের চিঠিপত্র দেওয়া হচ্ছে। সব কেন্দ্রীয় কর্মসূচি আমরা পালন করছি। কেন্দ্রীয় মহাসচিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে চিঠি দিচ্ছেন। এর পরও কি কমিটি অনুমোদন না হওয়ার প্রশ্ন আসে? সম্মেলনের দুই বছর পর কেউ নিজেকে আহ্বায়ক পরিচয় দিলে তার সুস্থতা নিয়েই প্রশ্ন জাগে।’