ঝালকাঠি সদর হাসপাতালে পানি নেই তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর হাসপাতাল ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

এ কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শতাধিক রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছে। গত রোববার সকালে হাসপাতালে পানি সরবরাহের পাম্পটির মোটর পুড়ে গিয়ে এ সমস্যার সৃষ্টি হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে হাসপাতালের পানির পাম্পটি পুড়ে যায়। এতে ওই দিন সকাল থেকেই গোটা হাসপাতাল ও আবাসিক ভবনে বন্ধ হয়ে যায় পানি সরবরাহ। খবর পেয়ে হাসপাতালের রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান সিএমএমইউর লোকজন পাম্পটি মেরামতের জন্য খুলে নিয়ে গেছেন।

ভর্তি থাকা রোগীর আত্মীয় আবুল হোসেন বলেন, হাসপাতালের সামনের নলকূপ থেকে খাওয়ার পানির চাহিদা পূরণ করা গেলেও শৌচাগারের পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঝালকাঠির সিভিল সার্জন মো. মাসুম আলী বলেন, পানির সমস্যা সমাধানের জন্য ঢাকা সিএমএমইউ কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। আজকের (বুধবার) মধ্যেই ঢাকা থেকে নতুন পাম্প এনে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।