ঝালকাঠিতে আজ সকাল সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভা নির্বাচনের ওপর গতকাল মঙ্গলবার আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। ফলে ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচন হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা।গতকাল ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন যুগ্ম জেলা জজ-১ আদালতে জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনসহ ১১ জনকে বিবাদী করে মামলা করেন। মামলায় কিস্তাকাঠি মৌজাকে পৌরসভায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত নির্বাচনের ওপর নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার, রির্টানিং অফিসারসহ ১১ জন বিবাদীকে সাত দিনের মধ্যে কারণ দর্শাও এবং অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।বাদীপক্ষের আইনজীবী সুখলাল আচার্য বলেন, আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ায় ২৪ মার্চ ঝালকাঠি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের আইনগত সুযোগ নেই। এ খবর ছড়িয়ে পড়লে দুজন মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকেরা জেলা জজ আদালত চত্বরে জড়ো হন। পরে পুলিশ আদালত এলাকা থেকে তাঁদের বের করে দেয়।বিক্ষুব্ধ সমর্থকেরা সন্ধ্যার পর শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হন। তাঁরা রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান। এ সময় কয়েকটি অটোবাইক ও একটি ট্রাকের কাচ ভাঙচুর করা হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জাকির হরতালের ডাক দেন। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে ঝালকাঠি পৌরসভার নির্বাচন এর আগে দুইবার স্থগিত হয়েছিল।