ঝালকাঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল রোববার ঝালকাঠি সফর করেছে। তারা জেলার চারটি এলাকা পরিদর্শন করে।তদন্ত দল সূত্রে জানা যায়, তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন ও পরিদর্শক আতাউর রহমান প্রথমে সদর উপজেলার গাবখান গ্রামে যান। এ সময় কমিটির সামনে একাত্তরে পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে নির্যাতনের বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। সাক্ষ্যদাতারা তাঁদের নাম-পরিচয় গোপন রাখতে তদন্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান। এরপর তদন্ত দল শেখেরহাট ইউনিয়নের গরঙ্গল গ্রামে যায়। মুক্তিযুদ্ধের সময় এই গ্রামের নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে নদীর তীরে নিয়ে হত্যা করা হতো। সেসব ঘটনার প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধাদের বক্তব্য নেয় তদন্ত দল।তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, তাঁরা ঝালকাঠি সদর উপজেলার চাচৈর রণাঙ্গনও পরিদর্শন করেছেন। ১৯৭১ সালে এখানে গণহত্যা না হলেও পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়েছিল।হেলাল উদ্দিন বলেন, ‘গণহত্যা হয়েছে, এ রকম তিনটি এলাকা আমরা পরিদর্শন করেছি। এখানকার অনেক প্রত্যক্ষদর্শীই গণহত্যার বর্ণনা দিয়েছেন। কারা এসব ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের নামও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গণহত্যা নেতৃত্বদানকারী দুয়েকজন মারা গেলেও অনেকেই এখনো বেঁচে আছেন এবং সামাজিকভাবে তাঁরা প্রতিষ্ঠিত। নিরাপত্তা এবং তদন্তের স্বার্থে আমরা কারও নাম প্রকাশ করছি না।’