ঝালকাঠিতে আহত ছাত্রদল নেতা রিয়াজ ঢাকায় মারা গেছেন
চার দিন চিকিৎসাধীন থাকার পর ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রদলের সহসভাপতি রিয়াজ হোসেন মোল্লা (২৪) সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। রিয়াজ ঝালকাঠি কলেজ রোডের ওয়ার্কশপ মালিক আবদুল জব্বার মোল্লার ছেলে ও বরিশাল আইন মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।ঝালকাঠি জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল বিকেলে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি শুরু হওয়ার সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের সঙ্গে আরেক নেতা মো. টিটুর কথা কাটাকাটি হয়। পরে ছাত্রদল শহরে মিছিল বের করলেও ওই মিছিলে মুশফিকুর রহমানের পক্ষের কেউ অংশ নেয়নি। মিছিলের শুরুতে মুশফিকুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ এনে মিছিলের শেষে তাঁর সঙ্গীরা ছাত্রদলের প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে রিয়াজ হোসেন মোল্লাসহ নয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় অবস্থানরত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, রিয়াজের মৃত্যুর পর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গতকাল মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে কলেজ রোডের রিয়াজদের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, রিয়াজের মা-বাবা ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশে রওনা হয়েছেন।