ঝালকাঠির অধিকাংশ ইটভাটায় চলছে অবাধে কাঠ পোড়ানোর মহোৎসব। কোনো কোনো ভাটায় করাতকল বসিয়ে ইট পোড়ানোর কাঠ কাটা হচ্ছে। কাঠ দিয়ে ইট পোড়ানো হলেও পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসন কাঠ ও করাতকল জব্দ না করে ভাটামালিকদের নামমাত্র জরিমানা করায় ভাটায় কাঠ পোড়ানো বন্ধ হচ্ছে না। সরেজমিনে জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নূরুল ইসলাম তালুকদারের এআরএম নামের তিনটি ইটভাটায় করাতকল বসিয়ে কাঠ পোড়াতে দেখা গেছে। শহরতলির সুতালরীতে এআরএম ইটভাটায় সারিবদ্ধভাবে স্তূপ করে রাখা হয়েছে কয়েক শ মণ কাঠ। কাঠ চেরাইয়ের জন্য ভাটার পাশেই বসানো হয়েছে একটি করাতকল। এ ছাড়া বিকনা এলাকার সেলিম ব্রিকস, এনটিসি ও সুতালরীর গাজী ব্রিকস, বাউকাঠি এলাকার এমএসই ও স্টার ব্রিকসে প্রকাশ্যে কয়েক হাজার মণ কাঠ এনে মজুত করা হয়েছে। বাউকাঠির এমএসই ও স্টার ব্রিকস কাঠ কাটার জন্য তাদের ভাটায় করাতকল বসিয়েছে। জেলায় ছোট-বড় মিলিয়ে ৩২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অধিকাংশ ভাটায়ই কাঠ পোড়ানো হচ্ছে। ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রামে মেসার্স শুকতারা ব্রিকসের মালিক কবির হোসেন জমাদ্দার গত ২৩ নভেম্বর কাঠ দিয়ে ইট পোড়ানো শুরু করেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ঝালকাঠিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এলাকাবাসী।এ ছাড়া রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামে এমএম ব্রিকস, কানুদাসকাঠির হাজি বরকত ব্রিকস, চর সাংগরের আকন ব্রিকস, কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের মনিরা ব্রিক ফিল্ড, আমুয়ার এমবিএফ ব্রিক ফিল্ড ও আওড়াবুনিয়ার এবিএস ব্রিক ফিল্ডের কোনোটিতে কাঠ পোড়ানো হচ্ছে, আবার কোনোটিতে কাঠ দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। এসব ইটভাটায় প্রচুর পরিমাণে কাঠ মজুত করা হয়েছে। আইনজীবী মানিক লাল আচার্য বলেন, ‘ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভাটাপ্রতি ২০-২৫ হাজার টাকা জরিমানা করে। জরিমানার এই টাকা ভাটামালিকদের কাছে কিছুই নয়। কারণ, প্রতিবছর একটি ভাটায় ২৫-৩০ লাখ ইট পুড়িয়ে মালিকেরা ৫০-৬০ লাখ টাকা মুনাফা করেন।’ কাঠ পোড়ানো প্রসঙ্গে ঝালকাঠি ইটভাটা মালিক সমিতির সভাপতি নূরুল ইসলাম তালুকদার বলেন, ‘বন বিভাগের অনুমতি নিয়ে ভাটার বাইরে করাতকল বসিয়েছি। পরিবেশ অধিদপ্তরকে জরিমানা দিয়েই ভাটায় কাঠ পোড়াই। শুধু তা-ই নয়, স্থানীয় প্রশাসনকেও ম্যানেজ করতে হয়।’ বাউকাঠি স্টার ব্রিকসের অন্যতম মালিক অনাদি দাস বলেন, ‘আমাদের ভাটার পাশে একটি করাতকল আছে ঠিকই, তবে এর মালিক আমরা না।’ পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, ‘কাঠ দিয়ে ইট পোড়ানো এবং ভাটার মধ্যে করাতকল বসানো আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। কয়েক দিন আগে আমরা ঝালকাঠির পাঁচটি ইটভাটাকে কাঠ পোড়ানোর দায়ে ২০ হাজার টাকা করে জরিমানা করেছি। শিগগিরই করাতকল জব্দের জন্য অভিযান চালানো হবে।’ জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। খোঁজখবর না নিয়ে কিছু বলা ঠিক হবে না। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন। আরও বেশি জানতে হলে আপনারা আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় আলোচনা করতে পারেন।’