ঝালকাঠিতে এক ব্যক্তি খুন, সাতক্ষীরায় দুটি লাশ উদ্ধার
সাতক্ষীরা সদর উপজেলা থেকে গতকাল মঙ্গলবার পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। এর আগের দিন সোমবার ঝালকাঠি শহরের সরকারি আবাসন প্রকল্পে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়ি থেকে গতকাল সকালে আসাদুল ইসলাম (৪০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়। পরিবারিক সূত্র জানায়, বলাডাঙ্গা গ্রামের মো. আমিনুদ্দিনের মেয়ে জুলেখা খাতুনের সঙ্গে তাঁর স্বামী কলারোয়া উপজেলার আসাদুল ইসলামের (৪০) কয়েক দিন ধরে মনোমালিন্য চলছিল। সোমবার রাতে জুলেখা মুঠোফোনে স্বামীকে তাঁর বাবার বাড়িতে ডেকে নেন। ওই রাতেই আসাদুলের মৃত্যু হয়।
আসাদুলের বাবা আরশাদ আলীর অভিযোগ, তাঁর ছেলেকে মুঠোফোনে শ্বশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে হত্যা করেছেন। তবে আসাদুলের স্ত্রী জুলেখা জানান, রাতে খাওয়া শেষে তাঁর স্বামী ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে বুকে ব্যথা উঠলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খান জানান, আসাদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানান, একই সময়ে সাতক্ষীরা-যশোর সড়কের অন্নের মোড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২২) লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে ঝালকাঠি শহরের সরকারি আবাসন প্রকল্পে সোমবার রাতে ছোট ভাই জসিম উদ্দীনের (২৮) হাতে বড় ভাই কবির হোসেন (৩২) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি শহরের ওই আবাসন প্রকল্পে জসিম ও কবির পরিবার নিয়ে আলাদা বাসায় থাকতেন। সোমবার রাত আটটার দিকে জসিম তাঁর স্ত্রী নাজমিন আক্তারকে মারধর করলে বড় ভাই কবির প্রতিবাদ জানান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম লাঠি দিয়ে কবিরের মাথায় কয়েকটি আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কবিরের মীম (১২) নামের একটি মেয়ে রয়েছে।