ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার কানুদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

সম্মানহানির ভয়ে কিশোরীর দিনমজুর বাবা প্রথমে মামলা করতে রাজি না হলেও পরে বিষয়টি জানাজানি হওয়ায় তিনি শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজাপুর থানায় মামলা করেন। ওই কিশোরী এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা পাসের পর স্থানীয় একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত নয়টার দিকে ওই কিশোরী চাচাতো বোনের ঘর থেকে নিজেদের ঘরে ফিরছিল। এ সময় প্রতিবেশী এক কলেজছাত্র ওই কিশোরীর মুখ বেঁধে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর বাবা বাগানে শব্দ শুনে এগিয়ে গিয়ে ওই তরুণকে ধরে ফেলেন। পরে বিষয়টি ওই তরুণের বাবাকে জানালে তিনি উল্টো ক্ষিপ্ত হন এবং ঘটনাস্থলে এসে ওই কিশোরীর বাবাকে মারধর করে ছেলেকে ছাড়িয়ে নেন।

কিশোরীর বাবা জানান, মেয়ে ও তাঁদের সম্মানহানির ভয়ে তিনি কাউকে কিছু জানাননি। কিন্তু গত দুই দিনে বিষয়টি গ্রামে জানাজানি হয়ে যায়। পরে বাধ্য হয়ে শুক্রবার রাতে তিনি রাজাপুর থানায় মামলা করেন। স্থানীয় একটি মহল ঘটনাটি ১০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করার জন্য তাঁকে চাপ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস গতকাল শনিবার বিকেলে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার পর ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।