ঝালকাঠিতে কৃষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটিতে কৃষক মুনসুর খান হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বজলুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের মৃত ওহাব খানের দুই ছেলে মো. জামাল খান ও খলিল খান এবং একই এলাকার মৃত আদম আলীর ছেলে সোহরাব তালুকদার। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে মামলার নথি সূত্রে জানা যায়, ২০০০ সালের ২২ অক্টোবর গভীর রাতে ৮-১০ জন লোক নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের কৃষক মুনসুর খানের বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে ফেলে মুনসুর খানকে হত্যা করে। দুর্বৃত্তরা হত্যা শেষে ফেরার সময় তাঁর ছেলে আবদুল মজিদ খানকে কুপিয়ে আহত করে। এ ঘটনার পরের দিন ২৩ অক্টোবর আবদুল মজিদ খান বাদী হয়ে নলছিটি থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঝালকাঠি সিআইডি পুলিশের পরিদর্শক শেখ আবুল খায়ের দীর্ঘ তদন্ত শেষে আদালতে সাতজনকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করেন।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম আলম খান কামাল বলেন, চাঞ্চল্যকর কৃষক মুনসুর খানকে হত্যা মামলায় দুই সহোদরসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামি রুস্তুম আলী ও জাকির খানকে খালাস দিয়েছেন। এ মামলায় মোট ১৫ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। মূলত জমিজমা নিয়ে পূর্বশত্রুতার কারণেই কৃষক মুনসুর খানকে হত্যা করা হয়।