ঝালকাঠিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দ চাল নিয়ে বিপাকে পড়েছেন ডিলাররা। বাজারে চালের জন্য হাহাকার থাকলেও সেদ্ধ চালের পরিবর্তে আতপ চাল বরাদ্দ করায় তা বিক্রি করতে পারছেন না তাঁরা। কারণ, আতপ চাল দেখে ক্রেতারা ফিরে যাচ্ছেন।জেলা খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার গত জানুয়ারি মাস থেকে স্বল্প আয়ের মানুষের জন্য খোলাবাজারে সেদ্ধ চাল বিক্রি শুরু করে। ২৪ টাকা কেজি দরে একজন ক্রেতা পাঁচ কেজি করে চাল কিনতে পারেন। প্রতিদিন চাল কিনতে ডিলারদের দোকানে লম্বা লাইন দেখা যেত। শহরে নয়জন ডিলারের প্রতিদিন এক টন করে মোট নয় টন চাল বিক্রি করতে সময় লাগত দু-তিন ঘণ্টা। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি থেকে জেলা খাদ্যগুদাম কর্তৃপক্ষ ডিলারদের আতপ চাল সরবরাহ শুরু করে।ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডিলার মো. নাসির উদ্দিন বলেন, ‘খাদ্যগুদাম থেকে আতপ চাল দেওয়ার পর থেকেই খোলাবাজারে চালের ক্রেতা কমতে থাকে। আগে এক দিনে এক টন চাল বিক্রি করতে পারলেও এখন দু-তিন দিনেও এক টন চাল বিক্রি করতে পারছি না। শত শত মানুষ চাল কিনতে এসে আতপ চাল দেখে তা না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন।’চাল কিনতে এসে ফেরত যাওয়া শ্রমিক মজিবুর রহমান গাজী বলেন, ‘মোগো আতপ চাউল খাওয়ার অভ্যাস নাই, মোরা এয়া দিয়া পিডা খাই। খোলাবাজারের চাউলের দাম ১০-১৫ টাকা কম পাইয়্যা কেনতাম, এহন আতপ চাউল দেওয়ায় আবার হেই বেশি দামে সেদ্ধ চাউল কিন্না খাই।’৪ নম্বর ওয়ার্ডের ডিলার মো. মাসুদ মিয়া বলেন, ‘টিআর-কাবিখা ও ভিজিডির কর্মসূচিতে সেদ্ধ চাল দেওয়া হলেও খোলাবাজারে বিক্রির জন্য আতপ চাল দেওয়া হচ্ছে। আমরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে সেদ্ধ চাল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিসুজ্জামানের বক্তব্য জানতে গত মঙ্গলবার তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি তা ধরেননি। একপর্যায়ে তিনি মুঠোফোনটি বন্ধ করে দেন। গতকাল শনিবারও যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘খোলাবাজারে সেদ্ধ চালের পরিবর্তে আতপ চাল দেওয়ায় ক্রেতা কমে যাওয়ার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলব।’