ঝালকাঠিতে চায়ের দোকানদার খুন গৃহবধূ গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুর উপজেলার কৈবর্তখালী গ্রামে রফিকুল ইসলাম (৪৫) নামের এক চায়ের দোকানি খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির ছেলে লোকমান হোসেন অভিযোগ করেন, ওই গৃহবধূ তাঁর বাবার কাছ থেকে দুই লাখ ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। দীর্ঘদিন থেকে পাওনা টাকা চাইলেও তা ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁর বাবাকে ওই বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অবশ্য গৃহবধূর বরাত দিয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে গৃহবধূ তাঁর মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পার্শ্ববর্তী বড় গালুয়া গ্রামের চায়ের দোকানদার রফিকুল ইসলাম গভীর রাতে কৌশলে ঘরে ঢুকে গৃহবধূর মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়ের চিৎকার শুনে গৃহবধূ চাকু দিয়ে রফিকুলের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রফিকুলের স্ত্রী শেফালী বেগম রাজাপুর থানায় মামলা করেছেন।