ঝালকাঠিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপ্লব মিত্রসহ ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা ছাত্রদলের একটি শোভাযাত্রা শহরের ফায়ার সার্ভিস রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়। শোভাযাত্রাটি সাধনার মোড়ে গেলে পুলিশ তাতে বাধা দেয়। দলীয় কার্যালয়ে ফিরে আসার সময় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেল ও লাঠির আঘাতে ঝালকাঠি থানার এসআই বিল্পব মিত্রসহ ১০ জন নেতা-কর্মী আহত হন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফায়ার সার্ভিস রোডে বিএনপির কার্যালয়ে হামলা চালান এবং আসবাব ভাঙচুর করেন। প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের কলেজ রোডে কয়েকটি অটোরিকশা ও টেম্পো ভাঙচুর করেন। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিতে হামলা করেন। এতে শহর ছাত্রদলের সহসভাপতি মুরাদ হোসেন আহত হন। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি হাদিসুর রহমান বলেন, ছাত্রদলের শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে আপত্তিকর কথা বলা হয়। এতে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। ছাত্রদলের নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে শহরের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবু আহত হয়েছেন। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি।