ঝালকাঠিতে জমি বিক্রি করতে গিয়ে গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌর শহরের নতুন চর এলাকার বাসিন্দা বজলুর রহমান। ২০ বছর আগে তিনি ওই এলাকায় ছয় শতাংশ জমি কেনেন। গত জানুয়ারি মাসে তিন শতাংশ জমি বিক্রির সিদ্ধান্ত নেন। কিন্তু নয় মাস গত হলেও তিনি ওই জমি বিক্রি করতে পারেননি।ঝালকাঠি পৌরসভা এলাকায় জমির প্রকৃত দাম সরকারনির্ধারিত দামের চেয়ে অধিকাংশ ক্ষেত্রে কম। পাশাপাশি জমি বিক্রেতাদের সরকারনির্ধারিত দামের ওপরই কর দিতে হয়। এতে জমি বিক্রির বেশির ভাগ টাকাই কর হিসেবে দিতে হয় বলে বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হন। একই কারণে তাঁরা ভালো দামে জমি কেনার মতো ক্রেতাও খুঁজে পান না। তাই বজলুর রহমানের মতো পৌর এলাকার অনেকেই জমি বিক্রি করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন।বজলুর রহমান বলেন, ‘নতুন চরে এক কাঠা (তিন শতাংশ) জমির সর্বোচ্চ বাজার দাম আছে ছয়-সাত লাখ টাকা। কিন্তু বিক্রির সময় দলিলে ওই জমির দাম ল্যাখতে অইবে প্রায় ২৬ লাখ টাকা। এবং দলিল খরচও (বিভিন্ন ধরনের কর) দেতে অইবে ওই ২৬ লাখ টাকার হিসাবে।’ঝালকাঠি সদর সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, জমির সীমানা ও বিক্রয়মূল্য নির্ধারণের জন্য ঝালকাঠি পৌরসভাকে ১৪টি মৌজায় বিভক্ত করা রয়েছে। এর মধ্যে জেএল নম্বর-১৩০ ঝালকাঠি টাউন মৌজায় (মূল শহর) সরকারনির্ধারিত জমির মূল্য প্রতি কাঠা ২৯ লাখ ২৫ হাজার টাকা। কিন্তু বাস্তবে এ মৌজায় এর কার্যকারিতা নেই। দাম কোথাও কম, আবার কোথাও বেশি। যেমন—শহরের কালীবাড়ী রোড, কুমারপট্টি ও কামারপট্টিতে এ দাম কার্যকর থাকলেও শীতলাখোলা, বাহের রোড ও পালবাড়ী এলাকায় জমি অর্ধেক দামে বিক্রি হয়।সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ের মহুরি তপন দাস বলেন, সরকারনির্ধারিত মূল্য অনুযায়ী, শহরের নতুন চর মৌজায় এক কাঠা জমির মূল্য ২৫ লাখ ৯১ হাজার ১০০ টাকা। বিক্রেতা বাস্তবে যে দামেই জমি বিক্রি করুক, বিক্রয়মূল্যের ওপর তাঁকে সর্বমোট নয় শতাংশ কর দিতে হয়। নতুন চর এলাকার সাবেক কাউন্সিলর আইউব আলী তালুকদার বলেন, সরকার যে পদ্ধতিতে পৌরসভার কয়েকটি মৌজার মূল্য নির্ধারণ করেছে, তা সঠিক নয়। সদর উপজেলা সাবরেজিস্ট্রার আবুল হোসেন জানান, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধনকৃত দলিলের গড়মূল্যের ভিত্তিতে বাজারমূল্য নির্ধারণ করা হয়। মূল্য নির্ধারণ কমিটির আগামী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।