
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে গতকাল রোববার জাল ভোট, ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়রের ওপর হামলাসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একই দিন ঝিনাইদহের কালীগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় শান্তিপূর্ণ ভোট হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
ঝালকাঠি: প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ঝালকাঠির মেয়র পদপ্রার্থী আফজাল হোসেন সকাল সাড়ে নয়টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিটি কিন্ডারগার্টেন কেন্দ্রে আসেন। এ সময় আফজাল হোসেন পিস্তল বের করে ভয় দেখাচ্ছেন বলে কয়েকজন যুবক চিৎকার করতে থাকেন। একপর্যায়ে ওই যুবকেরা তাঁকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তাঁর জামা ছিঁড়ে যায়। পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিপেটা ও ফাঁকা গুলি ছোড়েন। পরে পুলিশ আফজাল হোসেনকে ঝালকাঠি জেলা সদর হাসপাতালে পাঠায়। এরপর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আফজাল হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীরা তাঁর স্বামীর ওপর হামলা চালিয়েছেন। সব ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগের লোকজন নৌকা প্রতীকে সিল মেরেছেন। নজিরবিহীন কারচুপি করে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করার নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টার দিকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী লিয়াকত আলী তালুকদারের কর্মীরা শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টদের বের করে দেন। একে একে পৌরসভার ১৮টি কেন্দ্রের মধ্যে ১৪টি থেকেই সব মেয়র পদপ্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। ফলে কেন্দ্রগুলো ভোটারশূন্য হয়ে পড়ে। অনিয়মের অভিযোগে পুলিশ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমানসহ সাতজনকে আটক করেছে।
বিএনপির মেয়র পদপ্রার্থী অনাদি দাস বলেন, ‘বহিরাগত সন্ত্রাসী ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে আমার এজেন্টদের বের করে দিয়েছে। তারা ভোট কারচুপির মাধ্যমে ধানের শীষের জয় ছিনিয়ে নিয়েছে। এ নির্বাচন প্রত্যাখ্যান করেছি।’
আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী তালুকদার বলেন, ‘আফজাল হোসেনের ওপর হামলার সঙ্গে আমার কর্মীরা জড়িত নয়। ভোট সুষ্ঠু হয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। দু-একটি অভিযোগ পেয়েছি। তা তদন্ত করা হবে।’
ঝিনাইদহ: রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ১৯টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। কোথাও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। পৌরসভায় ৩৭ হাজার ১০৩ জন ভোটার রয়েছেন। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফরিদপুর: নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়েছে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরেজমিনে সকাল আটটা থেকে ১৫টি কেন্দ্র ঘুরে ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা যায়। দুটি কেন্দ্রে কিছু অনিয়ম চোখে পড়লেও সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। বিকেল চারটা পর্যন্ত নির্বাচনে অনিয়মের অভিযোগ কোনো চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। টহল দিতে দেখা গেছে র্যাব ও বিজিবি সদস্যদের।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন।