ঝালকাঠিতে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ যাত্রীর সন্ধান মেলেনি
ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের ৩৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে ঢাকা থেকে খুলনাগামী স্টিমার এমভি মধুমতির ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের বরিশালের সহকারী পরিচালক ফারুক হোসেন আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারটির অবস্থান শনাক্ত করেছে। তবে নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি। নদীতে স্রোতের গতি বেশি হওয়ায় ডুবে যাওয়া ব্যক্তিদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ট্রলারটি উদ্ধার করা যায়নি।
শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের খেয়াঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ঝালকাঠি শহরের উদ্দেশে ছেড়ে যায়। সকাল আটটার দিকে সুগন্ধা নদীর গুরুধাম খালের মোহনা এলাকা ট্রলারটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে খুলনাগামী স্টিমার মধুমতি। স্টিমারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল। ট্রলারটির চালক হেলাল বেপারি ও সাত যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ তিন যাত্রী নদীতে ডুবে যান। নিখোঁজ ব্যক্তিরা হলেন ঝালকাঠি সদর উপজেলার মহদিপুর গ্রামের আলম জমাদ্দার (৩৫), ইছালিয়া গ্রামের আবদুর রাজ্জাক মল্লিক ওরফে রাজা (৩২) ও হাজরাগাতি তসলিম হাওলাদার (৫০)। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের বাড়িতে চলছে শোকের মাতম। নিখোঁজ আবদুর রাজ্জাক মল্লিকের ভাই শহীদ মল্লিক বলেন, আলম জমাদ্দার, রাজ্জাক মল্লিক ও তসলিম হাওলাদার একসঙ্গে ঝালকাঠি শহরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে তাঁরা বাড়ি থেকে ট্রলারযোগে ঝালকাঠি যাচ্ছিলেন।
আলম জমাদ্দারের ছোট ভাই শাকিল জমাদ্দার বলেন, আলম জমাদ্দারের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর (আলমের) নিখোঁজের ঘটনার পর থেকে ছোট তিন শিশুসন্তানকে নিয়ে স্ত্রী হেলেনা বেগম কেঁদেই চলছেন।
তসলিম হাওলাদারের ছেলে জসিম হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা হয়তো বেঁচে নেই। আমরা এখন বাবার লাশটা উদ্ধার করার অনুরোধ করছি।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, এ ঘটনায় নিখোঁজ তিনজনের পরিবারের সদস্যরা থানায় জিডি করছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।