ঝালকাঠিতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠির রাজাপুরে একটি ওয়ার্কশপ থেকে অন্তু মাতুব্বর (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার শ্যামের হাট এলাকার ওয়ার্কশপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
অন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার শুক্কুর মাতুব্বরের ছেলে। তিনি রাজাপুরের ওই ওয়ার্কশপে বেশ কয়েক মাস ধরে কাজ করতেন বলে তথ্য নিশ্চিত করেছেন রাজাপুর থানার উপপরিদর্শক বিপুল চন্দ্র।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে ওয়ার্কশপের ভেতরে থাকা একটি কক্ষ থেকে অন্তুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রাজাপুর সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
ওসি আরও বলেন, রাতেই রাজাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা যাবে।