ঝালকাঠিতে তিন যাত্রীর মৃত্যুর দায়ে চালকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গাড়ি চালানোর ফলে তিনজনের প্রাণহানির দায়ে ঝালকাঠিতে একজন বাসচালককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ গতকাল সোমবার এ রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৫ সালের ২২ ডিসেম্বর বাসচালক মো. দুলাল খান প্রায় ৪০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। বেপরোয়া গতিতে চলতে থাকা বাসটি ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠিতে এসে উল্টে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন তৎকালীন পিরোজপুর ভান্ডারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আবদুস সালাম, পিরোজপুরের জিয়ানগর উপজেলার রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আবু তাহের তালুকদার ও বরিশালের উজিরপুর উপজেলার তনুশ্রী সান্যাল।