ঝালকাঠিতে দুই হাজার মামলার কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতসহ মোট ছয়টি আদালতে বিচারক নেই। এ কারণে প্রায় দুই হাজার মামলার বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, জেলা ও দায়রা জজ আদালতে মোট বিচারকের পদ আটটি। বর্তমানে আছেন চারজন। জেলা ও দায়রা জজ ফারুক আহম্মেদ গত ২৮ জুন ঝালকাঠি থেকে ঢাকায় বদলি হলে পদটি শূন্য হয়। গত ২৬ এপ্রিল ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিদ্দিকুল আরেফিন চৌধুরী নেত্রকোনার মুখ্য বিচারিক হাকিম হিসেবে বদলি হয়ে যান। সেই থেকে এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া ঝালকাঠির চারটি উপজেলার জন্য চারজন সহকারী জজের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন দুজন। ২০০৯ সালের ১৭ জুন থেকে কাঁঠালিয়া এবং ২০১০ সালের ১৩ মে থেকে রাজাপুর সহকারী জজ আদালতের বিচারক পদ শূন্য রয়েছে। অন্যদিকে মুখ্য বিচারিক হাকিম আদালতে বর্তমানে একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও একজন বিচারিক হাকিমের পদ শূন্য রয়েছে। ফলে জজ ও ম্যাজিস্ট্রেট আদালতে অনেক মামলার কার্যক্রম আটকে আছে। ম্যাজিস্ট্রেট আদালতে যাঁদের জামিন আবেদন প্রত্যাখ্যান হয়, তাঁরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করতে পারছেন না। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারপ্রার্থীরা। জেলা ও দায়রা জজ না থাকায় নির্যাতিতরা নালিশি অভিযোগ দায়ের করতে পারছেন না।রাজাপুর উপজেলার খাদিজা বেগম বলেন, নারী নির্যাতন আইনে নালিশি মামলা করার জন্য গত দুই সপ্তাহে তিন-চারবার ঝালকাঠি এসেছি আইনজীবীর কাছে। কিন্তু প্রতিবারই তাঁরা বলেন, দু-এক দিন পরে আসেন। জেলা ও দায়রা জজ নেই।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, বর্তমানে জেলা ও দায়রা এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন প্রায় দুই হাজার ফৌজদারি ও দেওয়ানি মামলার কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে এসব মামলার সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ না থাকায় ওই দুটি আদালতের বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম চলছে না। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এসব মামলাগুলোর শুধু তারিখ ফেলে দিচ্ছে।আইনজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবীর বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে কারও জামিন আবেদন নামঞ্জুর হলে জেলা ও দায়রা জজের কাছে জামিন আবেদন করতে হয়। গত দুই সপ্তাহ জেলা ও দায়রা জজ না থাকায় অন্তত দুই শতাধিক ব্যক্তির জামিন আবেদন করা যায়নি। এ ছাড়া জেলা জজ না থাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো নালিশি মামলা দায়ের করা যাচ্ছে না।