ঝালকাঠিতে দুটি আসনে বিএনপির বিকল্প প্রার্থী
ঝালকাঠির দুটি আসনে বিএনপির কেন্দ্র থেকে দুজন করে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঝালকাঠি-১ আসনে প্রার্থিতা নিয়ে এলাকায় কোনো কথা আপাতত হচ্ছে না। কিন্তু ঝালকাঠি-২ আসনের মনোনীত এক প্রার্থীকে নিয়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে শাহজাহান ওমর বীর উত্তমকে। তাঁর বিকল্প প্রার্থী রাখা হয়েছে ব্যবসায়ী রফিকুল ইসলাম জামালকে। অন্যদিকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তাঁর বিকল্প হিসেবে রাখা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমীনা খানকে।
সংস্কারবাদী হিসেবে চিহ্নিত ইসরাত জাহান ইলেন ভুট্টোকে মনোনয়ন দেওয়ায় এলাকায় বিএনপির একাংশে দেখা দিয়েছে অসন্তোষ। এদিকে ইলেন ১০ বছর ধরে মাঠে নেই। তবে দলের স্বার্থে শেষ পর্যন্ত সব নেতা-কর্মী কেন্দ্রের সিদ্ধান্তকে মেনে নেবেন বলে মনে করেন ইলেনপন্থীরা।
দলীয় সূত্রে জানা যায়, গত ১০ বছরে দল এবং এলাকার সঙ্গে ইলেনের কোনো যোগাযোগ নেই। তারপরও প্রয়াত স্বামী ও সাবেক সাংসদ জুলফিকার আলী ভুট্টোর জনপ্রিয়তা ও নলছিটির আঞ্চলিক ‘ভোটব্যাংকের’ কারণে তাঁকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে। ইলেন নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পুত্রবধূ। তাঁর বাবার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।
নেতা-কর্মীরা বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর থেকে ইলেন এলাকার নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন। এ কারণে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ। তাঁকে জেলা বিএনপির কোনো পর্যায়ের কমিটিতেও রাখা হয়নি। সম্প্রতি নির্বাচনের সময় ঘনিয়ে এলে তাঁকে কেন্দ্র দলে টেনে নেয় ও তাঁর মনোনয়ন প্রসঙ্গ চলে আসে। এদিকে ইলেনকে নিয়ে তৃণমূলে যদি কোনো সমস্যা হয়, তখন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা খানকে সামনে নিয়ে আসা হবে। তাই ইলেনের বিকল্প প্রার্থী হিসেবে জীবা আমীনাকে রেখেছে কেন্দ্র।
এ সম্পর্কে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান বলেন, দল তৃণমূলের মতকে উপেক্ষা করেছে। তারপরও দলের স্বার্থে কেন্দ্র যাঁকে মনোনয়ন দিয়েছে, তাঁকে সঙ্গে নিয়েই তাঁদের নির্বাচন করতে হবে।
ইলেনের সমর্থক হিসেবে পরিচিত জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল বলেন, দল যোগ্য লোককেই মনোনয়ন দিয়েছে।