ঝালকাঠিতে দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ শামসুল আলম (৬২) ও তাঁর ভাই রাজাপুর বড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সৈয়দ শাহ আলম (৭০) গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর পাশে ওই দুর্ঘটনায় তাঁদের বহনকারী মোটরসাইকেলের চালক ইলিয়াস আলী খানও (২৮) নিহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে রাজাপুর সদরের বাসা থেকে ইলিয়াস আলী খানের ভাড়ার মোটরসাইকেলে করে সৈয়দ শামসুল আলম ও তাঁর বড় ভাই সৈয়দ শাহ আলম ঝালকাঠির পথে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে গাবখান সেতুর কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শামসুল আলম নিহত হন। মুক্তিযোদ্ধা মো. শাহআলম ও মোটরসাইকেলের চালক ইলিয়াস আলী খানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুরে তাঁদের মৃত্যু হয়।শামসুল আলম ও শাহ আলম রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের বাসিন্দা। ইলিয়াস আলী খান একই উপজেলার বাইপাসমোড় এলাকার আবদুর রশীদ খানের ছেলে।