ঝালকাঠিতে নদী খননে নয়-ছয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির ধানসিঁড়ি নদীর খননকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারের লোকজন দুই তীরের মাটি চেঁছে দায়সারা কাজ করছেন। এভাবে নামমাত্র কাজ করে ঠিকাদার খননকাজের জন্য বরাদ্দ করা টাকা লুটপাট করবেন বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর পাউবো ধানসিঁড়ি নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য এটি খনন করার পরিকল্পনা নেয়। সে অনুযায়ী গত ১৭ ফেব্রুয়ারি ৮৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে ওই নদীর সাড়ে চার কিলোমিটার খননের কার্যাদেশ দেওয়া হয়। খুলনার শামীম আহসান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। এর মধ্যে রাজাপুরের সাত কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার এবং ঝালকাঠি অংশের বাকি দেড় কিলোমিটারে মার্চ মাসের প্রথম দিকে কাজ শুরু হয়। আগামী ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা।এলাকাবাসী অভিযোগ করেন, ঠিকাদারের লোকজন দায়সারাভাবে খননকাজ করছেন। এভাবে খনন করা হলে নদীর পূর্বাবস্থা ফিরে আসবে না। নদীর খননকাজে অনিয়ম হওয়ায় ১৫ মার্চ তাঁরা রাজাপুরে কাজ বন্ধ করে দেন।নদীতীরের বাসিন্দা ফিরোজ আলম বলেন, ধানসিঁড়ি নদী ভরাট হয়ে পানি না থাকায় কৃষকদের ভোগান্তি ছিল দীর্ঘদিনের। খননের উদ্যোগ নেওয়ায় কৃষকদের মুখে হাসি ফিরে এসেছিল। কিন্তু ঠিকাদার যে কাজ করছেন, তাতে নদীর নাব্যতা ফিরে আসবে বলে মনে হচ্ছে না।তীরের আরেক বাসিন্দা আবদুল জলিল হাওলাদার বলেন, নদী খননের নামে দুই তীরের মাটি টেস্ট রিলিফের কাজের মতো চাঁছা হচ্ছে। ওই মাটি আবার নদীর তীরেই রাখা হচ্ছে। বৃষ্টি হলে মাটিগুলো আবার নদীতে পড়ে ভরাট হয়ে যাবে। ঠিকাদারি কাজের অংশীদার শফিকুল হাসান বলেন, ‘দরপত্র অনুযায়ী নদীর প্রস্থ ৫০ ফুট ও গভীরতা ২০ ফুট ধরে কাজ করা হচ্ছে। খননকাজে কোনো অনিয়ম হচ্ছে না। এলাকার কিছু লোক কাজে বাধা দিচ্ছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে আবার কাজ শুরু করব।’সরেজমিনে ঝালকাঠি অংশের মোল্লাবাড়ী, ছত্রকান্দা, তিস্তাকাঠি ও রাজাপুর অংশের পিংড়ি, বাড়ইপাড়াসহ কয়েকটি এলাকায় ঘুরে ঠিকাদারি কাজের অংশীদার শফিকুল হাসানের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। এসব এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দুই তীরে শ্রমিকেরা মাটি চাঁছার কাজ করছেন। দরপত্রের নির্দেশনা অনুযায়ী কোথাও প্রস্থ ৫০ ফুট নেই। নদীর গভীরতাও ২০ ফুট করা হয়নি।পাউবোর ঝালকাঠি কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. আকবর হায়দার ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত পুরোদমে খননকাজ শুরু হয়নি। ঠিকাদারের লোকজন সবেমাত্র ড্রেজিংয়ের কাজ শুরু করেছেন। এলাকাবাসী না বুঝেই ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করছেন।