ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতায় আহত ৩০, ১০ ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে ৩০ জন আহত হয়েছে। একই রাতে এ ইউনিয়নের শংকরধবল গ্রামের শ্যামলাল মণ্ডলের ঘরে এবং আগের রাতে গাভারামচন্দ্রপুর ইউনিয়নে আবাসন প্রকল্পের ১০টি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কীর্ত্তিপাশা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শুক্কুর মোল্লা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে তাঁর কমী-সমর্থকেরা পশ্চিম কীর্ত্তিপাশা গ্রাম থেকে বাড়ি ফেরার পথে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিমের কর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে তাঁর ভাই মাহফুজুর রহমান, শিক্ষক আনছার উদ্দিন হাওলাদার, পিয়াল, বাবুসহ ২০ জন আহত হন। হামলার ঘটনা অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম মিয়া দাবি করেন, প্রতিপক্ষের লোকজন তাঁর কর্মী-সমর্থকদের মোটরসাইকেল বহরে হামলা চালায়। এতে রেজাউল ইসলাম, কামরুল হাসান, পবিত্র কুমার, রাব্বি তালুকদার, নাসির উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হয়। চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম মিয়া প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী শুক্কুর মোল্লাসহ ১০ জনকে অভিযুক্ত করে গতকাল বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।একই রাতে শংকরধবল গ্রামের শ্যামলাল মণ্ডলের বাড়ি আগুন লেগে পুড়ে যায়। এ জন্য শুক্কুর মোল্লা তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দায়ী করেন। এর আগে সোমবার রাতে গাভারামচন্দ্রপুর আবাসন প্রকল্পের ১০টি ঘর আগুনে পুড়ে যায়। চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিনুল ইসলামের কর্মীরা আবাসন প্রকল্পে আগুন দিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জাহাঙ্গীর হোসেনের লোকজনই ব্যারাকে আগুন লাগিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’