ঝালকাঠিতে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি
ঝালকাঠির রাজাপুর উপজেলার দরিদ্র পরিবারের শিক্ষার্থী রাসেল খানকে (১৫) রাজাপুর থানায় দুই দিন আটকে রেখে শারীরিক নির্যাতনের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ ও ২৯ মার্চ রাজাপুর থানায় আটকে রেখে এ বছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া রাসেলের ওপর ওসি নজরুল ইসলাম নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে গত শনিবার প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। ঝালকাঠির পুলিশ সুপার মজিদ আলী বলেন, পত্রিকায় সংবাদ দেখে কিশোর নির্যাতনের প্রকৃত ঘটনা জানার জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির প্রধান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম গতকাল রোববার বলেন, ‘আজ আমি তদন্ত কমিটি গঠনের চিঠি পেয়ে কমিটির সদস্যদের সঙ্গে তদন্তের কৌশল নিয়ে আলোচনা করেছি। আগামীকাল থেকে সরেজমিনে কাজ শুরু করব।’
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, ‘আমি পুলিশ সুপারের নির্দেশে গত শনিবার রাজাপুর উপজেলার কৈবর্ত্যখালী গ্রাম পরিদর্শন করেছি। এ সময় আমি রাসেল খানের পরিবারের সদস্য ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে রাসেলের ওপর নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে।’ রাসেলের পরিবারের অভিযোগ, তাদের বাড়ির কাছের এক প্রভাবশালীর কলেজপড়ুয়া মেয়েকে বিয়ে করতে রাজি না হওয়ায় ওই মেয়ের বাবার পক্ষ হয়ে গত ২৮ ও ২৯ মার্চ থানায় আটকে রেখে রাসেলের ওপর নির্যাতন চালান রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম। নির্যাতনের পর একটি যৌন হয়রানির ঘটনা সাজিয়ে রাসেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ওই আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
রাসেলের মা হেলেনা বেগম অভিযোগ করেন, ‘পত্রিকায় খবর ছাপা হওয়ার পর ওসির পক্ষ হয়ে গ্রামের কিছু লোক আমাকে ভয় দেখাচ্ছেন। তাঁরা বলছেন, পুলিশের বিরুদ্ধে কথা বললে পরে অসুবিধা হবে। প্রয়োজনে আমি ছেলের ওপর নির্যাতনের ঘটনায় আদালতে মামলা করব।’