ঝালকাঠিতে নৈশ প্রহরী হত্যার বিচার দাবিতে মিছিল, মানববন্ধন
ঝালকাঠি সদর উপজেলার মানপাশা বাজারের নৈশ প্রহরী হারুন সরদারকে (৪৫) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার মানপাশা বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন শেষে নৈশ প্রহরী হারুন সরদার হত্যার বিচার দাবি করে বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাবের আহমেদ, সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সরদার, নথুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর উদ্দিন, নিহতের ফুফাতো বোন নাসিমা আক্তার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের নেতৃত্বে নৈশ প্রহরী হারুন সরদারকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
হারুন সরদারের বড় ভাই মজিবর রহমান সরদার অভিযোগ করেন, মানপাশা বাজারে একটি দোকানঘর নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে হারুন সরদারের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ঘটনার পর আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত বুধবার সকালে ঝালকাঠিতে সদর উপজেলার মানপাশা বাজারের পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো হারুন সরদারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। হারুন সরদারের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার সাবঙ্গল গ্রামে।
এ বিষয়ে গত শুক্রবার প্রথম আলোয় ‘ছুরিকাঘাতে যুবক নিহত, দুটি লাশ উদ্ধার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।