ঝালকাঠিতে নয় হুজি সদস্যের কারাদণ্ড

ঝালকাঠিতে সন্ত্রাস দমন আইনে করা একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নয় সদস্যের চার বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেয়।
পাশাপাশি আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় নয়জনকে খালাস দিয়েছেন আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. মশিউর রহমান, নূরুল ইসলাম, আবদুল বাকী বিল্লাহ, মো. সোহাগ, মো. জোবায়ের, সিরাজুল ইসলাম, আবুল বাশার, মিনহাজুল আবেদীন ও আবদুল আজিজ। তাঁদের বাড়ি ঝালকাঠি, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায়।
ঝালকাঠি জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল বলেন, সাজাপ্রাপ্ত নয়জনকে ২০১৩ সালের ১৪ আগস্ট রাতে নলছিটি উপজেলার কামদেবপুর খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা থেকে হুজির কর্মী সন্দেহে গ্রেপ্তার করা হয়। তখন নয়জনের বিরুদ্ধে নলছিটি থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ। অস্ত্র ও বিস্ফোরক দমন আইনের দুটি মামলায় গতকাল তাঁরা খালাস পান। সন্ত্রাস দমন আইনে করা মামলাটিতে তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর সন্ত্রাস দমন আইনে করা মামলাটির অভিযোগ গঠন করা হয়। পরববর্তী সময়ে এই মামলায় ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে ১৫ জনই পুলিশের সদস্য।
আসামিপক্ষের আইনজীবী আবদুর রশিদ সিকদার বলেন, ‘আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সরকারপক্ষ আদালতে প্রমাণ করতে পারেনি। কেবল পুলিশের বক্তব্যের ওপর নির্ভর করে এই রায় দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।’